শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত, দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ঈদে ঘরমুখী যাত্রীদের অনেকেই বাড়ি গিয়ে ঈদ করতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে ৮শতাধিক যানবাহন।

ঘাট এলাকার যাত্রী, চালক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে। লৌহজং শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাট যেতে যেখানে ৪০-৫০ মিনিট সময় লাগত, সেখানে এখন তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগছে। রো রো ফেরিগুলো বিভিন্ন সময় চরে আটকে যাচ্ছে। এ দিকে, উত্তরাঞ্চলের বন্যার পানি পদ্মানদী দিয়ে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে। তাই এ নৌপথে এখন প্রচণ্ড স্রোত। আর এ স্রোত ঠেলে যেতে ফেরিগুলোর অতিরিক্ত সময় লাগছে। আগামী কাল ঈদ হলেও বাড়ি ফেরার অনিশ্চয়তায় পড়েছেন এ পথের দক্ষিণ অঞ্চলের যাত্রীরা।

খুলনা বটিয়া ঘাটার এমদাদ হোসেন বলেন, ‘শুনলাম ফেরি নাকি চলছে না। আগামীকাল ঈদ। এখন যদি যেতে না পারি, পরিবারে সবার সঙ্গে ঈদ করতে পারব কি না, জানি না।’

ঢাকার শ্যামপুর থেকে বাগেরহাট জেলার মোরলগঞ্জের ট্রাকচালক মো.জামাল বলেন, ‘ঘাট এলাকায় বসে আজি আজ ৪ দিন হলো। এখন পর্যন্ত ফেরিতে ওঠার সুযোগ হয়নি। আজকে ফেরিও নদী দিয়ে ওই পাড় (শিব চর কাঁঠালবাড়ি) যেতে পারছে না। মনে হয় আমাদের ঈদ আর বাড়িতে করা হবে না।’

এদিকে লঞ্চ ঘাটেও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়ে উঠতে দেখা যায় অনেককেই। বরিশালের এক যাত্রী শফিকুল ইসলাম রুবেল বলেন, যেভাবেই হোক বাড়ি যেতে হবে। পরিবারের সবার সঙ্গে ঈদ করতে হবে।

শিমুলিয়া ঘাটে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. কাজল বলেন, নাব্যতা সংকটের জন্য ঘাট এলাকায় যান বাহনের জটের সৃষ্টি হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক না হলে এ জট আরও বাড়তেও পারে।

শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী পরিচালক শাহ মো. খালিদ নেওয়াজ জানান, যাত্রীদের দুর্ভোগ লাঘবের কথা মাথায় রেখে গত বুধবার থেকে ১৯টি ফেরি পারাপারের কাজে ব্যবহার করছি। কিন্তু আজকে (শুক্রবার) নদীতে পানি খুব কম। মাত্র ছয় ফুট পানি আছে। তাই বড় ফেরি গুলো চালানো যাচ্ছে না। ফেরি পারাপার হতে কমপক্ষে তিন ঘণ্টা সময় লাগছে। তাই যাত্রীদের বিকল্প পথে যাওয়ার কথাও বলেন তিনি।