শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ যাত্রীদের গাড়ি আটকে রেখে ভিআইপি গাড়ি পারাপার করার প্রতিবাদে ঘাটের সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগীরা। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যানবাহন ও ঈদে ঘরমুখী যাত্রীদের প্রচণ্ড ভিড়। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে পাঁচ শতাধিক যানবাহন। আজ শুক্রবার ভোর থেকে শিমুলিয়া ঘাটে অতিরিক্ত চাপ অব্যাহত আছে। ঘাটে এসে দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তিতে পড়েছেন তাঁরা। যানবাহন ও যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে।

সকাল ১০টার দিকে শিমুলিয়া ফেরিঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। আজ শুক্রবার এ চাপ আরও বেড়ে গেছে। ছোট গাড়ি, যাত্রীবাহী বাস, মালবাহী যানবাহনসহ পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায়। তিনি আরও বলেন, এই মুহূর্তে ঘাটে ছোট–বড় ১৩টি ফেরি চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় কম। এ ঘাটের চেয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি সংখ্যা বেশি।

কঠোর বিধিনিষেধ শিথিল হয়েছে। ঈদ সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে।
প্রথম আলো

আজ সকালে সরেজমিনে দেখা যায়, শিমুলিয়া-ভাঙ্গা মোড় দিয়ে যাত্রী ও পরিবহনগুলো ঘাটের দিকে ছুটছে। এ মোড়ে পুলিশ অতিরিক্ত যাত্রীবাহী যানবাহন নিয়ন্ত্রণ করছে। অনেক যাত্রী হেঁটেই ঘাটের দিকে যাচ্ছেন। ঘাটে প্রবেশ করতেই দেখা গেল, ফেরিঘাটের প্রতিটি সংযোগ সড়কেই যানবাহনের সারি। পার্কিং ইয়ার্ড ও নৌ পুলিশ মাঠ গাড়িতে পরিপূর্ণ। ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় ব্যক্তিগত গাড়ি, পরিবহন ও মালবাহী ট্রাক।

এদিকে সাধারণ যাত্রীদের গাড়ি আটকে রেখে ভিআইপি গাড়ি পারাপার করার প্রতিবাদে ঘাটের সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগীরা।

সকাল নয়টার দিকে স্বর্ণা বেগম নামের প্রাইভেট কারের এক যাত্রী বলেন, বিধিনিষেধ শিথিল হয়েছে। সামনে ঈদ। সবাই বাড়িতে ফিরবে। তখন ভিড় আরও বাড়বে। তাই আগেভাগে পরিবারের সদস্যদের নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় গ্রামের বাড়ি যাচ্ছেন তাঁরা।

ফারুক হোসেন নামের এক ট্রাকচালক বলেন, গতকাল তিনি ঘাটে এসেছেন। এরপর থেকে তাঁকে পার্কিং ইয়ার্ডে থাকতে হচ্ছে। তবে অন্য ভিআইপি গাড়িগুলো ঘাটে আসছে এবং সঙ্গে সঙ্গেই নদী পার হতে পারছে। পুলিশ তাদের সহযোগিতা করছে। অতিরিক্ত টাকাপয়সা না দেওয়ায় দীর্ঘ সময় ধরে আটকে রাখা হচ্ছে।