শিমুলিয়া-জাজিরায় পরীক্ষামূলক ফেরি চলল নির্বিঘ্নে
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের জাজিরার সাত্তার মাতবর-মঙ্গল মাঝিরঘাট নৌপথে পরীক্ষামূলক ফেরি চলাচল সফল হয়েছে। আজ মঙ্গলবার সকালে ৩৩টি ছোট যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে সাত্তার মাতবর-মঙ্গল মাঝিরঘাটের দিকে ফেরি কুঞ্জলতা ছেড়ে আসে। যানবাহন নামিয়ে তা আবার শিমুলিয়া ঘাটে ফিরে যায়।
যাওয়া-আসার সময় ফেরিটি কোথায়ও নাব্যতা–সংকটে পড়েনি। সফলভাবে ফেরি চলায় দ্রুততম সময়ের মধ্যে নিয়মিত ফেরি চলাচলের ঘোষণা আসতে পারে।
এর আগে শনিবার দুপুরে নৌপথে পরীক্ষামূলক ফেরি চালানো হয়েছিল। তখন নৌপথের লৌহজং টার্নিং থেকে মঙ্গল মাঝিরঘাট পর্যন্ত চারটি স্থানে নাব্যতা–সংকট থাকায় ফেরি আটকে যায়।
আজ ফেরি কুঞ্জলতার চালক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল ৬টা ৪৫ মিনিটে শিমুলিয়া থেকে ৩২টি ছোট গাড়ি ও একটি মোটরসাইকেল নিয়ে সাত্তার মাতবর-মঙ্গল মাঝিরঘাটের দিকে রওনা হয়। ফেরিটি ১ ঘণ্টা ১০ মিনিটে ঘাটে পৌঁছায়। ফেরার পথে সময় লেগেছে ১ ঘণ্টা ৫ মিনিট। যাওয়া-আসার পথে কোথায়ও নাব্যতা–সংকটে পড়তে হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলতে গিয়ে ২০ জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। ২৩ জুলাই বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়। এরপর রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে সজোর ধাক্কা খায়। সর্বশেষ ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে কাকলি নামে ছোট একটি ফেরি ধাক্কা দেয়। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিগুলো পদ্মা সেতুর সঙ্গে কয়েক দফা ধাক্কা লাগে। এমন পরিস্থিতিতে ১৮ আগস্ট থেকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে শরীয়তপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের মানুষ চরম বিপাকে পড়ে। লঞ্চ ও স্পিডবোট দিয়ে মানুষ পদ্মা নদী পারাপার হচ্ছে।
জরুরি সেবা নিশ্চিত করতে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গল মাঝিরঘাট এলাকায় ২৫ আগস্ট নতুন করে একটি ফেরিঘাট নির্মাণ করে কর্তৃপক্ষ। ছোট যানবাহন চলাচলের জন্য বর্তমানে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির সহকারী উপমহাব্যবস্থাপক (মেরিন) আহম্মেদ আলী প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ আবারও পরীক্ষামূলক ফেরি চালানো হয়েছে। যানবাহন নিয়ে ফেরিটি আপ-ডাউন ট্রিপ দিয়েছে। পরীক্ষামূলক চলাচল সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে নাব্যতা–সংকট পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন ব্যক্তিদের জানানো হয়েছে। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে নিয়মিত ফেরি চালানোর সিদ্ধান্ত দিতে পারেন।