শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ চলছে ৫টি ছোট ফেরি, যান ও যাত্রীর চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধিনিষেধ শিথিল হওয়ায় ঢাকায় ফিরছেন অনেকে। এতে চাপ বেড়েছে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে। আজ বুধবার সকালে শিমুলিয়া ঘাটে
ছবি: প্রথম আলো

আজ বুধবার থেকে লকডাউন শিথিল হওয়ায় রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে চাপ বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে। তবে এই নৌপথে ১৭টি ফেরির মধ্যে চলছে মাত্র ৫টি ছোট ফেরি। পারাপার করা হচ্ছে না ভারী যানবাহন। এ কারণে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।

ঘাট ও স্থানীয় লোকজন বলেন, করোনা মহামারির কারণে চলাচলে বিধিনিষেধ থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ ছিল। এ কারণে যাত্রীদের শুধু ফেরিতে পারাপার করা হচ্ছিল।

লকডাউন শিথিলের ফলে এই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। সব ধরনের প্রতিষ্ঠান খোলা। দক্ষিণাঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজধানী ঢাকার দিকে যাচ্ছেন। লঞ্চ চালু থাকলেও প্রতিটি ফেরিতে প্রচুর যাত্রী আসছেন। গার্মেন্টস, শিল্পকারখানা খোলার পর কিছুদিন আগে যে চাপ ছিল, এখনকার চাপ তার চেয়ে কিছুটা কম।

এদিকে পদ্মা নদীতে এখন প্রচণ্ড স্রোত। স্রোত ঠেলে ফেরি চলতে দ্বিগুণের বেশি সময় লাগছে। স্রোতের কারণে ফেরিগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই গতকাল বিকেল থেকে রো রো ফেরি বন্ধ। ১৭টি ফেরির মধ্যে মাত্র ৫টি ছোট ফেরি চলছে। ভারী যানবাহনগুলোও পারাপার করা হচ্ছে না। এসব কারণে শুধু শিমুলিয়া ঘাটেই চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এসব যানবাহনের মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি।

খোঁজ নিয়ে জানা যায়, লকডাউন শিথিল হওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে লঞ্চের চেয়ে ফেরিতে করে যাত্রীরা পারাপার হচ্ছেন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে পারাপারের অপেক্ষায় আছে পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ির সারি। মাদারীপুর ঘাট থেকে আসা প্রতিটি ফেরি যাত্রী ও যানবাহনে পূর্ণ ছিল।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জাকির হোসেন সকাল ১০টার দিকে বলেন, লকডাউন শিথিল করা হয়েছে। দক্ষিণাঞ্চলের অনেকে ঢাকায় ফিরছেন। এ ছাড়া বিভিন্ন প্রয়োজনে এখনো মানুষ ঢাকা ছাড়ছেন। এ কারণে ঘাটে উভয়মুখী চাপ আছে। রো রো ফেরি বন্ধ থাকায় ভারী যানবাহন ফেরিতে পারাপার বন্ধ রয়েছে। নতুন করে যেন ভারী যানবাহন ঘাটে না আসে, সে জন্য মাইকিং করা হচ্ছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহমেদ আজ সকাল সোয়া ১০টার দিকে প্রথম আলোকে বলেন, পদ্মা নদীতে প্রচণ্ড ঘূর্ণিস্রোত আছে। স্রোতের বিপরীতে বড় ফেরিগুলো চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে বড় ফেরি চলছে না। ছোট ৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে পণ্যবাহী ট্রাকসহ চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। রো রো ফেরি চলবে কি না, দুপুরের পর সিদ্ধান্ত আসতে পারে।