শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে প্রতিটি ফেরি যাত্রী ও যানবাহনে পূর্ণ করে চলাচল করছে। শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ বলছে, আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় চাপ বেড়েছে। উভয় ঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।
শিমুলিয়া ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি শিমুলিয়া ঘাটে আসছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে উঠছেন। শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে পারাপারে অপেক্ষায় আছে ব্যক্তিগত গাড়ি ও ছোট ছোট যানবাহনের সারি। মাদারীপুর ঘাট থেকে আসা প্রতিটি ফেরি যাত্রী ও যানবাহনে পূর্ণ দেখা যায়। কার, মাইক্রোবাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট ছোট গাড়ি ঘাট পার হচ্ছে।
আজ বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহমেদ প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ চলছে। তবে আজ ছুটির দিন থাকায় দক্ষিণাঞ্চলের জেলার মানুষ বিভিন্ন প্রয়োজনে গ্রামের বাড়ি যাচ্ছে। এতে চাপ পড়েছে শিমুলিয়া ঘাটে। পারাপারের অপেক্ষায় আছে সাড়ে তিন শতাধিক যানবাহন। মাদারীপুর ঘাটে যানবাহনের চাপ আরও বেশি। সকাল থেকে বাংলাবাজার থেকে আসা ফেরিগুলো সমানতালে যাত্রী ও যানবাহনবোঝাই করে আসছে। স্রোতের কারণে ফেরি চলাচল করতে কিছুটা সমস্যা হচ্ছে। নদীতে ৯টি ফেরি চলাচল করছে।
দুপর পৌনে ১২টার দিকে শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জাকির হোসেন বলেন, এই পাড়ে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। যাত্রীর চাপও বেড়েছে। পারিবারিক বিভিন্ন প্রয়োজন দেখিয়ে মানুষ ঘাটের দিকে আসছেন। মানবিক দিক বিবেচনা করে তাঁদের আটকানো হচ্ছে না।