শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১২ দিন পর আবার পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিমুলিয়া ঘাট থেকে হালকা যানবাহন নিয়ে পরীক্ষামূলকভাবে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা। মঙ্গলবার সকালে
ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ১২ দিন পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আবার পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। সবশেষ ১৪ অক্টোবর দুপুরে পরীক্ষামূলকভাবে শিমুলিয়া ঘাট থেকে একটি ফেরি বাংলাবাজার ঘাটে যায়। পরে পরিস্থিতি বিবেচনা ও দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ২৫টি মোটরসাইকেল ও ৭টি ছোট গাড়ি নিয়ে ফেরি কুঞ্জলতা বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি দুপুর পৌনে ১২টায় বাংলাবাজারে পৌঁছায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, এর আগে তীব্র স্রোতের কারণে ১৮ আগস্ট থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। নদীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৪ অক্টোবর থেকে পাঁচটি ছোট ফেরির মাধ্যমে আবার পারাপার শুরু হয়। ১১ অক্টোবর নদীতে আবার স্রোত বেড়ে যায়। এ কারণে পদ্মা সেতুর নিরাপত্তা ও নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। সবশেষ ১৪ অক্টোবর দুপুরে পরীক্ষামূলকভাবে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যায়। পরে বিআইডব্লিউটিএ, পদ্মা সেতু ও সেনা কর্মকর্তারা নদীর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে ফেরি চলাচল বন্ধ রাখেন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ প্রথম আলোকে জানান, আজ বেলা ১১টার দিকে ফেরিটি ১৪ ও ১৫ নম্বর পিলারের মধ্য দিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করে বাংলাবাজারের দিকে অগ্রসর হয়। ফেরিটিতে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিটিএ, বাংলাদেশ সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ফেরিটি শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটে সফলভাবে পৌঁছেছে। তবে ফেরি চলাচল করবে কি না, এখনো সে বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।