শিল্পকারখানায় গ্যাস সংযোগ থেকে রাজশাহী বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকারখানায় গ্যাসের সংযোগ থেকে রাজশাহী বাদ পড়েছে। গত সপ্তাহে সরকারের উচ্চপর্যায়ের কমিটি দেশের বিভিন্ন স্থানে ৩১৯টি শিল্পে সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) আওতাধীন ঈশ্বরদী, সিরাজগঞ্জ ও বগুড়া অন্তর্ভুক্ত আছে। নেই শুধু রাজশাহী।
সরকার ২০০৯ সালের জুলাই মাসে সারা দেশের শিল্পকারখানায় গ্যাসের সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর কিছুদিন পর রপ্তানিমুখী শিল্পসহ বিশেষ ক্ষেত্রে জরুরি প্রয়োজনে কোনো শিল্পে গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়।
নিয়ম করা হয়, যেসব শিল্পপ্রতিষ্ঠান জরুরি প্রয়োজনে গ্যাসের সংযোগ চায়, তারা সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির কাছে আবেদন করবে। বিতরণ কোম্পানিগুলো সেই সব আবেদন বিশেষ কমিটির কাছে উপস্থাপন করবে। কমিটি যাচাই-বাছাই করে সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেবে। এই কমিটি এর আগে বিভিন্ন সময়ে দুই শতাধিক শিল্পে সংযোগ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। এরপর দীর্ঘদিন কমিটির সভা অনুষ্ঠিত হয়নি। ইতিমধ্যে প্রায় দেড় হাজার আবেদন জমা পড়ে। সেগুলোর মধ্য থেকে গত সপ্তাহে ৩১৯টি শিল্পে সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় ওই কমিটি। এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
অবশ্য তিন বছর আগে শিল্পে গ্যাসের সংযোগ বন্ধ থাকা অবস্থাতেই প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহীতে শিল্পকারখানায় সংযোগ দেওয়া শুরু হয়েছিল। সাতটি কারখানায় সংযোগ দেওয়াও হয়েছে। আরও সাতটি প্রতিষ্ঠান সংযোগ পাওয়ার অপেক্ষায় ছিল। সেই অবস্থায় সেখানে সংযোগ দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। এরপরও রাজশাহীর কয়েকটি প্রতিষ্ঠান গ্যাসের সংযোগের জন্য উপরোক্ত কমিটির কাছে আবেদন করে। কিন্তু গত সপ্তাহে কমিটি যে শিল্পগুলোতে সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে রাজশাহীর কোনো শিল্প নেই।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, নতুন শিল্পকারখানায় গ্যাসের সংযোগ এবং পুরোনো কারখানায় লোড বৃদ্ধি-সংক্রান্ত একটি চিঠি ২৩ আগস্ট পিজিসিএল কর্তৃপক্ষের হাতে এসেছে। তাতে বলা হয়েছে, কোম্পানি আটটি নতুন শিল্পপ্রতিষ্ঠানে সংযোগ দিতে এবং সাতটি পুরোনো কোম্পানিতে লোড বৃদ্ধি করতে পারবে।
নতুন সংযোগ দেওয়ার জন্য ঈশ্বরদীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) মেসার্স ভেনতেজ ডেনিম স্টুডিও লিমিটেড, মেসার্স নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, মেসার্স রুলিং বিডি লিমিটেড, মেসার্স সানমান ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনজিএল কোম্পানি লিমিটেড এবং ইপিজেডের বাইরে ঈশ্বরদী স্পিনিং মিলস লিমিটেড, বগুড়ার হাসান পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড ও সিরাজগঞ্জের খান এন্টারপ্রাইজের নাম রয়েছে।
আরও যে সাতটি প্রতিষ্ঠানে লোড বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে বগুড়ার এসেনশিয়াল ড্রাগস লিমিটেড, বিসিএল পেপার মিলস লিমিটেড, পাবনার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের চারটি প্রতিষ্ঠান ও সিরাজগঞ্জের এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট কোম্পানি লিমিটেড।
এসিআই-গোদরেজ কোম্পানি রাজশাহীর পবা উপজেলার ধুতরাবন গ্রামে প্রায় ১৩৫ কোটি টাকা ব্যয়ে একটি কারখানা তৈরি করেছে। কোম্পানির একজন কর্মকর্তা বলেন, তাঁরা ওই কারখানায় মাছের জন্য ভাসমান খাবার উৎপাদন করবেন। কারখানায় গ্যাস-সংযোগের জন্য তাঁরা পিজিসিএলের প্রধান লাইন থেকে কারখানা পর্যন্ত চার কিলোমিটার গ্যাসলাইন তৈরি করেছেন। এ জন্য তাঁদের ৩ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে। তাঁরা গ্যাস পেলে যেকোনো দিন কারখানা চালু করতে পারেন। কারখানা চালু হলে ৭০০ থেকে ৮০০ মানুষের কর্মসংস্থান হবে। রাজশাহীতে গ্যাসের সংযোগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা দেখে নিশ্চিত হয়ে তাঁরা এখানে বিনিয়োগ করেছেন।
একইভাবে রাজশাহীতে সাতটি কোম্পানি তাদের গ্যাস পাওয়ার আশায় কারখানার নির্মাণকাজ সম্পন্ন করে বসে আছে। অনেকেই এসিআই গোদরেজ কোম্পানির মতোই নিজ খরচে গ্যাসের প্রধান সঞ্চালন লাইন থেকে পাইপলাইন বসিয়েছে। তারা এখন চরম হতাশার মধ্যে রয়েছে।
রাজশাহীকে বাদ দেওয়ার বিষয়টি জানতে চাইলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এস এম ফারুক বলেন, এগুলো আগের তালিকা থেকে দেওয়া হয়েছে। তিনি আশা করছেন রাজশাহীর কারখানাগুলো পরবর্তী পর্যায়ে নেওয়া হবে।