শিশু আবেদার বাড়ি ফেরা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নাটোরের লালপুরে আন্তনগর ট্রেনের ধাক্কায় চার বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর আজিমনগর রেলস্টেশন–সংলগ্ন কেবিনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবেদা খাতুন (৪)। সে উপজেলার গোপালপুর বাজার এলাকার আবু হোসেনের মেয়ে।

লালপুর থানা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আবেদা খাতুন অসতর্কভাবে রেললাইন পার হয়ে বাড়ি ফিরছিল। দুপুর সাড়ে ১২টার দিকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় আবেদা খাতুনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল রহমান বলেন, রেললাইনের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে। শিশুটির অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।