শিশুকে অপহরণ করে হত্যার অভিযোগ ভগ্নিপতির বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

মানিকগঞ্জ থেকে রেহান নামের তিন বছরের এক শিশুকে অপহরণ করে যশোরে এনে হত্যার অভিযোগ উঠেছে তার ভগ্নিপতির বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত রেহান মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটাল গ্রামের ওমর বাবুর্চির ছেলে।

রেহানের মৃত্যুর পরপর হাসপাতাল থেকে তার ভগ্নিপতি আবু বকর ফরিদকে গ্রেপ্তার করে যশোর কোতোয়ালি থানা–পুলিশ। আবু বকর ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল জঙ্গলবাড়ি এলাকার মীর সাঈদুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, আবু বকর মাদকাসক্ত।

পুলিশের বরাতে জানা যায়, আবু বকর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটাল গ্রামের ওমর বার্বুচির মেয়েকে বিয়ে করেন। সম্প্রতি তিনি শ্বশুরের কাছে কিছু টাকা দাবি করেন। শ্বশুর টাকা না দেওয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় তিনি শ্যালক রেহানকে অপহরণ করেন। এরপর তাকে বাসে করে যশোর নিয়ে আসেন। পথিমধ্যে বাসের মধ্যেই শ্যালকের মুখ চেপে এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাত করেন আবু বকর।

পুলিশ আরও জানায়, শিশুটির কান্নার আওয়াজ মুঠোফোনে শ্বশুর-শাশুড়িকে শোনান আবু বকর। একপর্যায়ে আজ বেলা ১১টার দিকে রেহান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর দুপুর ১২টার দিকে তিনি রেহানকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে নিজের সন্তান পরিচয়ে ভর্তি করেন। ভর্তির কিছু সময় পর রেহান মারা যায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাঁরা আবু বকরকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তিনি শিশুটিকে অপহরণ করে নির্যাতনের বিষয়টি স্বীকার করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, শিশুটিকে সড়ক দুর্ঘটনায় আহত হিসেবে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে ভর্তি করে শিশু সার্জারি ওয়ার্ডে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত শিশুর বাবা আজ সকালে ঢাকার যাত্রাবাড়ী থানায় মামলা করেন। আবু বকর ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে যাত্রাবাড়ী থানা–পুলিশের হাতে সোপর্দ করা হবে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।