শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সাত বছরের এক মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় জামাল হোসেন মৃধা (২৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল হোসেনের বাড়ি উপজেলার একটি গ্রামে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে উপজেলার এক ফসলি মাঠে শাক তুলতে যায় সাত বছরের মেয়েশিশুটি। শিশুটিকে একা পেয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করেন জামাল হোসেন। এ সময় শিশুটির দুই সহপাঠী এসে প্রতিবাদ করলে তাদের পানিতে ডুবিয়ে মেরে ফেলার হুমকি দেন তিনি। বিষয়টি এলাকায় জানাজানি হলে মীমাংসার চেষ্টা করেন প্রভাবশালীরা।

এ ঘটনায় গতকাল বুধবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় যৌন নিপীড়নের মামলা করেন। মামলার পর আজ বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত তরুণ জামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আজ দুপুরে গ্রেপ্তার জামালকে নলডাঙ্গা আমলি আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।