শিশুকে যৌন নিপীড়নের দায়ে বহিষ্কৃত হলেন ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি জয়নাল আবেদীনকে (৩৭) স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে জয়নাল অভিযোগ অস্বীকার করেছেন।


সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁকে স্থায়ী বহিষ্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলায় নিজের দোকানে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে জয়নাল যৌন নিপীড়ন করেন বলে ওই শিশুটির বাবা অভিযোগ করেন। এরপর বেলা তিনটায় এ নিয়ে গ্রাম্য সালিস বসে। সালিসে তাঁকে জুতাপেটা করেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান। জয়নাল সালিসে পায়ে ধরে ক্ষমা চান। এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব ও লোকমান হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগকে বিষয়টি জানান। আজ তাঁকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।

অভিযোগ প্রসঙ্গে জয়নাল আবেদীন জয় দাবি করেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমি কোনো ধরনের নিপীড়ন করিনি।’


লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘জনরোষ থেকে তাঁকে বাঁচানোর জন্য আমি একই গ্রামের ছেলে হিসেবে তাঁকে শাসন করি। নতুবা সংক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে পিটুনি দিয়ে মেরে ফেলত। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই কাজ করেছি। ভিডিওটির আংশিক ছাড়া হয়েছে। পুরোটা দেওয়া হয়নি। তাহলে বিষয়টি পরিষ্কার হতো।’


কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব বলেন, ‘কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন বহন করবে না। তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’