নিজের শিশুকে নিয়ে বোনসহ চুপিসারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়ার সময় ধরা পড়ে গত রোববার থেকে আলোচিত হচ্ছিলেন আসমা আক্তার। শেষ পর্যন্ত গতকাল সোমবার অনেকটা চুপিসারেই সদ্যোজাত শিশুটিকে রেখে পৃথিবী ছাড়লেন এই নারী।
গতকাল রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বেলা দুইটার দিকে সংজ্ঞাহীন অবস্থায় আসমাকে আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউর একজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, আলোচিত শিশুটির মা উচ্চমাত্রার জন্ডিসে ভুগছিলেন। তাঁর কিডনি, লিভার ও ফুসফুস প্রায় অকেজো হওয়ার দশা। মায়ের থেকে সেই নবজাতকও জন্ডিসে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।
গত শুক্রবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে আসমার ছেলেসন্তানটি ভূমিষ্ঠ হয়। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বোন সুমি আক্তারসহ নবজাতককে কোলে নিয়ে ওয়ার্ড থেকে তড়িঘড়ি বের হওয়ার সময় আনসার সদস্যরা তাঁদের ধরে ফেলেন। পরে আসমাকে ওয়ার্ডে পাঠিয়ে দিয়ে সুমিকে পুলিশে সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে শিশু চুরির অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় গতকাল সুমিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
ঢাকা মেডিকেলের একজন সেবিকা দাবি করেন, শিশুটির মা ও খালা শিশুটিকে ২৫ হাজার টাকায় বিক্রির উদ্দেশ্যে চুপিচুপি হাসপাতাল ছেড়ে পালাচ্ছিলেন। কিন্তু আসমা রোববার বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের বকেয়া পাওনা এড়াতে তিনি শিশুটিকে নিয়ে ছাড়পত্র ছাড়াই চলে যাচ্ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আসমার কাছে হাসপাতালের কোনো পাওনা নেই। শিশু নিয়ে পালানোর এই বিতর্কের মধ্যেই শিশুটির মায়ের অবস্থার অবনতি হলে গতকাল তাঁকে আইসিইউতে নেওয়া হয়। বারবার শিশুটিকে নিয়ে হাসপাতাল ছাড়তে চাওয়ায় রোববার হাসপাতাল কর্তৃপক্ষ ব্যান্ডেজের গজ দিয়ে আসমাকে হাসপাতালের বিছানার সঙ্গে বেঁধে রেখেছিল।
অবহেলায় আলোচিত শিশুটিও: শুক্রবার জন্ম নেওয়া শিশুটিকে ঘিরে রোববার থেকে চলছে হইচই। দেশের প্রায় সব গণমাধ্যমেই গতকাল শিশুটির ছবি ছাপা হয়েছে বা তার বিষয়ে খবর এসেছে। তবে গতকাল বিকেলে গিয়ে দেখা গেল আইসিইউর বারান্দায় পাটিতে শিশুটি শোয়ানো, ঘুমাচ্ছে। শিশুটির নানি তাসলিমা বেগম আর নানা আবদুল আউয়াল শিশুটিকে নিয়ে বারান্দায় দিন পার করছেন। বারবার শিশুটি কেঁদে উঠলে তার নানি গুঁড়া দুধ পানিতে গুলিয়ে চামচ দিয়ে মুখে দিচ্ছেন। শিশুটি আবার ঘুমিয়ে গেলে পাটিতে শুইয়ে রাখছেন তাসলিমা।
শিশুটির নানা আবদুল আউয়াল জানান, তিনি ও তাঁর স্ত্রী তাসলিমা টঙ্গী এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। কয়েক বছর আগে তাঁদের মেয়ে আসমার বিয়ে হয় ইব্রাহিম নামের এক ভ্যানচালকের সঙ্গে। তারপরে তাঁদের একটি ছেলে হয়। শাহাদাত নামের সেই ছেলের বয়স যখন দুই বছর, তখন তার বাবা ইব্রাহিম তাদের ছেড়ে চলে যান। শাহাদাতের বয়স এখন চার বছর, এই শিশুটি এখন নানা-নানির সঙ্গেই থাকে। এর পরে আসমার বিয়ে হয় জহিরউদ্দীন নামের আরেক ভ্যানচালকের সঙ্গে। সেই সংসারেই এই শিশুটি ভূমিষ্ঠ হয়। কিন্তু শিশুটিকে নিয়ে বিতর্ক শুরুর পর থেকে জহিরউদ্দীন অসুস্থ স্ত্রী-সন্তান ফেলে চলে গেছেন। তিনি বলেন, আসমা টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। সন্তান জন্ম দিতে গিয়ে তাঁকে কাজ ছাড়তে হয়। এখন পুরো পরিবারের কোনো আয় নেই। কিন্তু অসুস্থ মেয়ে আর নবজাতকের খাদ্য জোগানের অর্থও নেই পরিবারটির।
আসমার মৃত্যুর পর আউয়াল আর তাসলিমা দম্পতি কান্নায় ভেঙে পড়েন। শিশুটিকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় তাসলিমাকে।