শিশুটির খোঁজ মিলল না তিন সপ্তাহেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়ায় এই পুকুর ভরাট দেখতে গিয়ে নিখোঁজ হয় আসাদুল্লাহ নামের ছয় বছরের এক শিশু। এই স্থানে শিশুটির খোঁজে ভেকু মেশিনের সাহায্যে কয়েক টন বালু অপসারণ করা হয়। শনিবার বেড়ার পেঁচাকোলা গ্রামে
ছবি: প্রথম আলো

পাবনার বেড়ায় পুকুর ভরাটের সময় বালুর নিচে চাপা পড়েছে বলে প্রথমে সন্দেহ করা আসাদুল্লাহ (৬) নামের সেই শিশুর খোঁজ তিন সপ্তাহেও মেলেনি। তবে শিশুটিকে খুঁজে পাওয়ার আশা তার স্বজনেরা এখনো ছাড়েননি। প্রশাসন ও স্বজনদের উদ্যোগে বালু ফেলার স্থানটিতে কয়েক দফায় ব্যাপক তল্লাশি চালিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। শিশুটির নিখোঁজের ঘটনার পেছনে রহস্যজনক কারসাজি রয়েছে বলে দাবি করছেন তার স্বজনেরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামে যমুনা নদী থেকে বালু তুলে পাইপের মাধ্যমে একটি পুকুর ভরাট করা হচ্ছিল। ৭ জুন সকালে সেই পুকুর ভরাট করা দেখতে গিয়ে আযম আলীর ছয় বছরের ছেলে আসাদুল্লাহ নিখোঁজ হয়। কোথাও খুঁজে না পাওয়ায় স্বজনসহ এলাকাবাসীর সন্দেহ হয়, ভরাটের জন্য পুকুরে ফেলা বালুর নিচে হয়তো শিশুটি চাপা পড়েছে। প্রথমে এলাকাবাসী কোদাল, বেলচার সাহায্যে বালু অপসারণের মাধ্যমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। তাঁরা ব্যর্থ হওয়ার পর শিশুটিকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে আসেন।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী ও বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকারের তত্ত্বাবধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে বালু অপসারণ করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। এ জন্য নিয়ে আসা হয় ভেকু মেশিন। টানা প্রায় ২৫ ঘণ্টা সেখানে কয়েক টন বালু অপসারণের পরেও শিশুটির খোঁজ না পাওয়ায় ৮ জুন দুপুরে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে যমুনা নদীর বিভিন্ন স্থানে নৌকা ও মাইক নিয়েও শিশুটির খোঁজ করা হয়।

এদিকে প্রশাসনের অভিযান বন্ধের দুই দিন পরে ১০ জুন ওই স্থানে শিশুটির পরিবারের লোকজন আবারও ভেকু মেশিন ভাড়া করে নিয়ে আসেন। কিন্তু টানা প্রায় আট ঘণ্টা সেখানে তল্লাশি করেও তার খোঁজ পাওয়া যায়নি।

সরেজমিন

নিখোঁজ শিশু আসাদুল্লাহ
ছবি: সংগৃহীত

গত শনিবার বেড়ার পেঁচাকোলা গ্রামে গিয়ে দেখা যায়, বড় আকারের পুকুরটির বেশির ভাগ অংশই বালু দিয়ে ভরাট করা হয়েছে। যে জায়গায় শিশুটি চাপা পড়েছিল বলে সন্দেহ করা হয়েছিল, সেই স্থানজুড়ে এখনো রয়েছে বালু অপসারণের মাধ্যমে খোঁজাখুঁজির চিহ্ন। ঘটনার পর থেকে ওই স্থানে আর কোনো বালু ফেলা হয়নি বলে এলাকাবাসী জানান।

শিশুটির বাড়ি গিয়ে কথা হয় তার মা হাসনা খাতুনসহ আরও কয়েকজন স্বজনের সঙ্গে। ছেলের কথা উঠতেই হাসনা খাতুন কাঁদতে থাকেন। তিনি বলেন, ‘ছেলের জন্য আমার অপেক্ষা কখনোই শেষ হবি না। আপনেরা আমার সোনারে খুঁইজ্যা আইন্যা দ্যান।’

শিশুটির চাচা আবদুর রাজ্জাক বলেন, ‘ঠিক বালু ফেলার জায়গাতেই ও চাপা পড়িছে কি না, তা কেউ স্বচক্ষে দেখে নাই। আমরা ওই জায়গায় বালু সরায়া বারবার খুঁজছি। তবে আশা আমরা এখনো ছাড়ি নাই। বিভিন্ন জায়গায় ওকে আমরা খুঁইজ্যা বেড়াতেছি।’
শিশুটির চাচাতো ভাই কলেজশিক্ষক মোক্তার হোসেন আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘বালু ভরাটের জায়গাটিতে ওর চাপা না পড়ার বিষয়টি সম্পর্কে আমরা এখন মোটামুটি নিশ্চিত। তাহলে প্রশ্ন হলো ও কোথায় গেল? বিষয়টি সত্যিই রহস্যজনক। পুলিশ তৎপর হলেই এই রহস্যের জট খুলবে বলে আমাদের ধারণা।’

সামনে এসেছে যমুনা নদীতে বালু উত্তোলন

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সময় পুকুর ভরাটের সময় শিশুটি বালুচাপা পড়েছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে গোটা উপজেলাতেই তখন ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। যমুনা থেকে বালু তোলা নিষিদ্ধ এবং অবৈধ বালু তোলা বন্ধ আছে বলে প্রশাসনের পক্ষ থেকেও বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছিল। এই সময়ে শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, অবৈধভাবে বালু তোলা চলছেই। তাই সমালোচনার মুখে প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়।

এ ঘটনার পর ১১ জুন ইউএনওর নির্দেশে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম বালু তোলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আসামি করে বেড়া থানায় মামলা করেন। এ ছাড়া ঘটনার পর থেকে ওই এলাকায় বালু তোলাও বন্ধ আছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

ইউএনও মোহা. সবুর আলী বলেন, অবৈধ বালু তোলার সঙ্গে জড়িত কাউকেই ছাড়া হবে না। বেড়া মডেল থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ‘শিশুটির নিখোঁজের ঘটনায় ওর বাবা আমাদের থানায় ৯ জুন জিডি করেছেন। শিশুটিকে খোঁজার জন্য আমরা সব ধরনের চেষ্টা করেছি। আমাদের এ চেষ্টা এখনো অব্যাহত আছে।’