শিশুটির জন্মদিন আগামীকাল, বেলুন কিনতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল গতকাল
মাদারীপুরের রাজৈরে ভোটকেন্দ্রের পাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত শিশুটি মারা গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে গতকাল দুপুরে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ বিস্ফোরণে ঘটনাস্থলেই এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও তিনজন।
নিহত শিশুটির নাম আফনান মোল্লা (১০)। সে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে। আফনান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত আফনানের চাচা টুটুল মোল্লা গতকাল অনুষ্ঠিত বদরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তাঁর নির্বাচন ঘিরে বাড়িতে ছিল সাজসাজ রব। তবে এখন থেমে গেছে সেসব। ভাতিজার মৃত্যুতে চাচাও শোকে কাতর। তিনি প্রথম আলোকে বলেন, ‘আফনান নিজের ছেলের থেকে কম ছিল না। ওর এমন মৃত্যু আমরা কেউ মানতে পারছি না। আফনান ওর মায়ের একমাত্র ছেলে। ছেলেকে হারিয়ে গতকাল থেকে শুধু কান্না করেই চলেছে। কেউ তাঁকে থামাতে পারছেন না।’
জন্মদিনের এক দিন আগে ছেলেডা আমাগো ছেড়ে চলে গেল। ঢাকায় নিয়ে অনেক চেষ্টা করেও ছেলেডারে বাঁচাইতে পারলাম নানিহত আফনানের বাবা দুলাল মোল্লা
আফনানের বাবা দুলাল মোল্লা বলেন, ‘কাল শুক্রবার আফনানেন জন্মদিন। জন্মদিনের এক দিন আগে ছেলেডা আমাগো ছেড়ে চলে গেল। ঢাকায় নিয়ে অনেক চেষ্টা করেও ছেলেডারে বাঁচাইতে পারলাম না।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার সকাল আটটা থেকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের আশপাশে জড়ো হন স্থানীয় উৎসুক জনতা। সাধারণ মানুষের ভিড় থাকায় কেন্দ্রের পাশে একটি পুকুরপাড়ে খোলা জায়গায় বসে ভ্রাম্যমাণ কয়েকটি দোকান। একটি দোকানে দুটি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে গ্যাস বেলুন তৈরি করছিলেন এক দোকানি। দুপুর সাড়ে ১২টার দিকে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই মারা যান বেলুন বিক্রেতা জাহিদুল। আহত হন ওই দোকানের বেলুন বিক্রেতা রকিবুল মাতুব্বর ও জুবায়ের। এ সময় বেলুন কিনতে আসা শিশু আফনানও গুরুতর আহত হয়।
বেলুন বিক্রেতা রকিবুল মাতুব্বর ও জোবায়ের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ায় তাঁদের ফরিদপুর থেকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। আহত শিশু আফনানকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফনান মারা যায়।
রাজৈর থানার উপপরিদর্শক শুভংকর বিশ্বাস প্রথম আলোকে বলেন, বিস্ফোরণে গ্যাস সিলিন্ডারের একটি অংশ শিশুটির মাথায় আঘাত করে। বিকট শব্দের কারণে কানের পর্দা ফেটে রক্ত বের হচ্ছিল।