নিউমোনিয়ায় আক্রান্ত চার মাস বয়সী শিশু শাহরিয়ার কবিরকে বোয়ালখালী থেকে গত সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার বাবা-মা। ভর্তি করা হয় শিশু ওয়ার্ডে। কিন্তু তার অবস্থার তেমন উন্নতি হচ্ছিল না। গতকাল বৃহস্পতিবার তাকে স্থানান্তর করা হয় শিশু ওয়ার্ডের নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এর সঙ্গে শিশুটির মা তাসলিমা আকতারের দুশ্চিন্তাও যেন অনেকটা কেটে গেছে।
তাসলিমা আকতার প্রথম আলোকে বলেন, জন্মের এক মাস পর থেকেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে শাহরিয়ার। এর আগেও একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা করিয়েছেন। অবস্থা খারাপ হওয়ায় একবার বেসরকারি হাসপাতালের আইসিইউতেও রাখতে হয়েছে। কিন্তু সেখানে খরচ বেশি। শাহরিয়ার আবার অসুস্থ হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন। অবশ্য এখানে যে আইসিইউ চালু হবে, সেটা জানতেন না। তাঁর ছেলে এখন আরও উন্নত চিকিৎসা পাবে—এটা ভেবে তাঁর ভালো লাগছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে গতকাল থেকে চালু হয়েছে ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। এর উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আইসিইউ স্থাপনে আর্থিক সহযোগিতা দিয়েছে শিল্প গ্রুপ পিএইচপি পরিবার।
উদ্বোধন শেষে হাসপাতালের পরিচালক খোন্দকার শহিদুল গণি সাংবাদিকদের জানান, পিএইচপি পরিবার এর আগেও এই হাসপাতালের শিশু ও প্রসূতি ওয়ার্ডে নানা রকম আর্থিক অনুদান দিয়েছে। এবার তারা তিন কোটি টাকা ব্যয়ে শিশুদের জন্য আন্তর্জাতিক মানের আইসিইউ স্থাপন করে দিয়েছে। এই সেবা চালু হওয়ায় অনেক শিশুর জীবন বাঁচানো সম্ভব হবে। সমাজের বিত্তবান মানুষদের এভাবে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, ‘এ হাসপাতালে যাঁরা সেবা নিতে আসেন, তাঁদের বেশির ভাগই আর্থিকভাবে ততটা সচ্ছল নন। যখন পরিচালকের কাছে শুনেছিলাম, আইসিইউর অভাবে অনেক শিশু মারা যায়, তখনই এটি স্থাপন করতে এগিয়ে এসেছি। এ ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে পিএইচপি পরিবারের পরিচালক মো. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মহসিন চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক, হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রণব কুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল দুপুরে উদ্বোধনের পর সন্ধ্যায় আইসিইউতে গিয়ে দেখা যায়, সব কটি শয্যায় শিশুদের সেবা দেওয়া হচ্ছে। শয্যার পাশে বসে আছেন একজন করে অভিভাবক। আইসিইউতে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১০ শিশুকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। নিউমোনিয়া, মেনিনজাইটিস, এনকেফালাইটিস রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুরাই তুলনামূলক বেশি জীবনশঙ্কার মধ্যে থাকে। প্রথম দিন যেসব শিশুকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে, তারা সবাই এসব রোগে ভুগছে।
আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক সামিহা আনোয়ার জানান, শিশু ওয়ার্ডে এত দিন নবজাতকদের জন্য দুই শয্যার আইসিইউ চালু ছিল। কিন্তু সেখানে শুধু এক দিন থেকে শুরু করে এক মাস বয়সী শিশুরা চিকিৎসা পেত। এখন শিশুদের জন্য আইসিইউ চালু হওয়ায় এক মাস বয়স থেকে শুরু করে ১২ বছর বয়সী পর্যন্ত শিশুরা আরও উন্নত চিকিৎসাসেবা পাবে। আধুনিক সব সুযোগ-সুবিধার পাশাপাশি এই ইউনিটের জন্য নয়জন চিকিৎসক দায়িত্ব পালন করবেন।