শিশুদের দায়িত্ব কে নেবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ধসে মা–বাবাকে হারিয়েছে দুই বোন মিম ও সুমাইয়া
পাহাড়ধসে মা–বাবাকে হারিয়েছে দুই বোন মিম ও সুমাইয়া

৬ বছরের মিম ও ১৭ মাসের সুমাইয়া। মা-বাবাকে দেখছে না অনেক দিন। চাচা কাউছারকে প্রশ্ন করে মিম, কবে ফিরবে তার মা-বাবা। আজ-কাল-পরশু, এ কথা-ওকথা বলে ভাতিজিকে ভুলিয়ে রাখার চেষ্টা করেন চাচা। দুই মাস ধরে দুই বোনের ঠিকানা এখন 

চাচার বাসা।

গত মঙ্গলবার দুপুরে রাঙামাটি কলেজের পাশে মিম ও সুমাইয়ার চাচা দিনমজুর মো. কাউছারের ঘরে বসে কথা হচ্ছিল। দাদি সুফিয়া বেগম ও ফুফু রিনা এখন দেখাশোনা করেন ওদের। মিমের মতো কথা ফোটেনি ছোট্ট সুমাইয়ার মুখে। ক্ষণে ক্ষণে কেঁদে ওঠে সে।

গত ১৩ জুন পাহাড়ধসের ঘটনায় প্রাণ হারান মিম-সুমাইয়ার বাবা মো. সালাহউদ্দিন ও মা রাহিমা বেগম। রাঙামাটি পৌরসভার রূপনগর এলাকায় থাকতেন তাঁরা। পাহাড়ধসের একটু আগে বৃষ্টির মধ্যেই ওদের নিজ বাসায় নিয়ে যান ছোট চাচা কাউছার। কিছুক্ষণ পর বাবা-মায়েরও সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা বের হওয়ার আগেই পাহাড়চাপায় ঘরটি নিশ্চিহ্ন হয়ে যায়।

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে কাউছার বলেন, ‘প্রচণ্ড বৃষ্টি শুরু হলে বাচ্চাদের নিয়ে চলে যাই আমরা। এর ১০ মিনিট পরই পাহাড় ভেঙে পড়ে। তারপর সব শেষ।’

ঘটনার পর কাউছার দুই ভাতিজি, মা, বোনসহ রাঙামাটি সরকারি কলেজের আশ্রয়কেন্দ্রে ওঠেন। কিছুদিন আগে কলেজের পাশে বাসা ভাড়া নেন। কাউছার বলেন, ‘ওদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। ডিসি সাহেব (জেলা প্রশাসক) বলেছেন, বাচ্চা দুটোর দায়িত্ব নেবেন। কিন্তু এখনো কিছু করেননি।’

কেবল মিম ও সুমাইয়া নয়, পাহাড়ধসে ঘরবাড়ি হারানো এমন অনেক শিশু এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। রাঙামাটি জেলা প্রশাসনের কাছে বাবা-মা হারানো এসব শিশুর কোনো তালিকা নেই। কতজন শিশু এমন পরিস্থিতির শিকার, সে হিসাবও নেই।

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, ‘আমরা যখন বলেছি, তখন ঠিকই শিশুদের দায়িত্ব নেব। খোঁজখবর নিচ্ছি। দেখা যাক, কী করা যায়।’

মিমেরা যেখানে থাকত সেই রূপনগর এলাকায় পাহাড়ধসে মারা যায় দিনমজুর দরবেশ আলী। বেঁচে যায় সঙ্গে থাকা ছেলে রাকিব (৬), মেয়ে ফারিয়া (৩) ও তাঁদের দাদি ছালেহা বেগম। দরবেশ আলীর স্ত্রী রাবেয়া বেগম ভেদভেদী এলাকায় আলাদা বাড়িতে থাকতেন। এ ঘটনার পর রাবেয়া তাঁর সন্তানদের নিতে আসেন। কিন্তু ছালেহা নাতি-নাতনিকে দিতে চাননি। পরে নাতনি ফারিয়াকে রাবেয়ার কাছে দিয়ে রাকিবকে নিয়ে যান ছালেহা।

রাবেয়া এখন মেডিকেল কলেজ ছাত্রাবাসের আশ্রয়কেন্দ্রে রয়েছেন ফারিয়াকে নিয়ে। আর ছালেহা লংগদুতে এক আত্মীয়ের বাড়িতে রাকিবকে নিয়ে থাকেন।

রাবেয়া বলেন, তাঁদের ঘরও (ভেদভেদীর) ভেঙে গেছে।

তবে বাবা-মা হারানো মো. মাইনুদ্দিনের (১৪) গল্পটা সবার চেয়ে আলাদা। কোনো স্বজন নয়, তাকে আশ্রয় দিয়েছে তারই এক সহপাঠী। ভেদভেদী মুসলিম পাড়ায় বাবা-মায়ের সঙ্গে থাকত মাইনুদ্দিন। পাহাড়ধসে চাপা পড়েছিল পরিবারের সবাই। মারা যায় বাবা জিয়াউর রহমান, মা কাজল রহমান ও ছোট বোন তানিয়া খানম। শুধু জীবিত উদ্ধার করা হয় তাকে। বনরূপা আল আমীন ইসলামিয়া ফাজিল (কলেজ) মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে মাইনুদ্দিন। এতিম মাইনুদ্দিনকে এখন আশ্রয় দিয়েছে তার সহপাঠী নাজিবুল। মাইনুদ্দিনকে হাসপাতাল থেকে নাজিবুলের মা রুমা আক্তার বাড়িতে নিয়ে আসেন।

রুমা আক্তার বলেন, মা-বাবার কথা ভেবে প্রায়ই কান্নাকাটি করে মাইনুদ্দিন। ছেলেটি এই ধাক্কা কীভাবে সামলে উঠবে!