শিশুর বস্তাবন্দী লাশ কুকুরে টানাটানি করছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় একটি শিশুর বস্তাবন্দী লাশ কুকুরে টানাটানি করছিল। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কনকসার ইউনিয়নের কাহেতারা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া শিশুর নাম ময়না আক্তার (১০)। সে উপজেলার কাহেতারা গ্রামের হানিফ ব্যাপারীর মেয়ে। লৌহজংয়ের একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল ময়না।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল নয়টার দিকে ময়নাদের বাড়ির পাশে পরিত্যক্ত একটি পুকুরের পাড়ে সাদা বস্তা পড়ে ছিল। একটি কুকুর বস্তাটি টানাটানি করছিল। আশপাশের মানুষ সেখানে গিয়ে বস্তার মুখ খুলতেই ময়নার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ময়নার বাবা হানিফ ব্যাপারী বলেন, ‘বুধবার দুপুর থেকে আমার মেয়ে নিখোঁজ ছিল। সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মেয়ের বস্তাবন্দী লাশ পেলাম। আমার ছোট মেয়েকে কারা এভাবে হত্যা করে বস্তায় ভরল? এ ঘটনার আমি বিচার চাই।’

লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, লাশের ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। পরে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।