শিশুর সামনে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জে রাজিয়া বেগম (৪০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে হামলাকারীরা যখন ওই নারীকে মারধর করছিলেন, তখন তাঁর শিশুপুত্র ঘটনাস্থলে উপস্থিত ছিল। ওই শিশুর সামনেই তার মাকে গ্রামের ফারুক বালা, তাঁর ছেলে পিয়াল বালা, স্ত্রী পারভিন আক্তারসহ চার-পাঁচজন হত্যা করেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত রাজিয়া বেগম উপজেলার চরসেন্সাস ইউনিয়নের বালার বাজার গ্রামের জাকির হোসেন মোল্যার স্ত্রী।

ভেদরগঞ্জের সখীপুর থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাজিয়া বেগম তাঁর ১১ বছর বয়সী ছেলে শান্ত মোল্যাকে নিয়ে গ্রামে থাকতেন। আর স্বামী জাকির হোসেন ঢাকায় টেইলার্সের দোকান চালাতেন। গ্রামের ফারুক বালার সঙ্গে রাজিয়ার পরকীয়ার সম্পর্ক রয়েছে, এমন সন্দেহ করতেন ফারুকের স্ত্রী পারভিন আক্তার। এ নিয়ে পারভিন ও রাজিয়ার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল রাত আটটার দিকে রাজিয়ার বাড়িতে তাঁদের মধ্যে আবার ঝগড়া বাধে। এ সময় পারভিনের ছেলে পিয়াল ও স্বামী ফারুক সেখানে উপস্থিত হন।

কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা তিনজনে মিলে রাজিয়াকে পেটাতে থাকেন। সেখানে উপস্থিত রাজিয়ার শিশুপুত্র শান্ত মাকে বাঁচাতে এলে তাকে দা নিয়ে তাড়া করেন তাঁরা। ওই শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। স্বজনেরা রাজিয়াকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গ্রামের ফারুক বালার সঙ্গে রাজিয়ার পরকীয়ার সম্পর্ক রয়েছে, এমন সন্দেহ করতেন ফারুকের স্ত্রী পারভিন আক্তার। এ নিয়ে পারভিন ও রাজিয়ার মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

রাজিয়া বেগমের স্বামী জাকির হোসেন মোল্যা প্রথম আলোকে বলেন, ‘ফারুক বালা, তাঁর ছেলে পিয়াল, ফারুকের স্ত্রী পারভিন আক্তারসহ চার-পাঁচজন মিলে আমার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে। আমার শিশুসন্তানের সামনেই তাকে ওরা পিটিয়ে মেরে ফেলে রেখে গেছে। ছেলেটি সারা জীবন মায়ের হত্যার সাক্ষী হয়ে থাকবে। থানায় অভিযোগ দিয়েছি। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঘটনার পর থেকে ফারুক বালা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পলাতক। তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, হত্যার ঘটনাটি জানার পর অভিযুক্ত ব্যক্তিদের আটকের জন্য পুলিশ অভিযান চালিয়েছে। তাঁরা এলাকা থেকে পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।