শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত অসুখ। নিউমোনিয়া ও শ্বাসকষ্টের কারণে অনেক শিশুকে ভর্তি করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। ছবিটি গত সোমবার চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রামে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত অসুখ। নিউমোনিয়া ও শ্বাসকষ্টের কারণে অনেক শিশুকে ভর্তি করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। ছবিটি গত সোমবার চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল থেকে তোলা l প্রথম আলো

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। চট্টগ্রামের হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর ভর্তির সংখ্যা বেড়ে গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে গতকাল মঙ্গলবার সকালে ৪১টি শিশু ভর্তি হয়। তার মধ্যে ২১ জন নিউমোনিয়া ও ব্রঙ্কিউলাইটিসে এবং পাঁচজন ঠান্ডাজনিত কারণে ডায়রিয়ায় আক্রান্ত।
হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক প্রণব কুমার চৌধুরী বলেন, ‘আমাদের বিভাগে সব মিলিয়ে ১০২টি শয্যা আছে। কিন্তু প্রতিদিন এখানে রোগী থাকছে তিন গুণ বেশি। গড়ে প্রতিদিন ৮০ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ৮০ শতাংশই নিউমোনিয়া ও ব্রঙ্কিউলাইটিসসহ শ্বাসকষ্টজনিত রোগ এবং ডায়রিয়ায় আক্রান্ত। সোমবার এখানে মোট রোগী ছিল ৩৯৫ জন।’ তিনি বলেন, শীতের তীব্রতা বাড়ার কারণে এ ধরনের রোগী বেড়েছে।
চট্টগ্রাম মেডিকেল সূত্র জানায়, গত তিন দিনে ব্রঙ্কিউলাইটিসে আক্রান্ত দুই শিশু মারা গেছে।
শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালেও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতাল সূত্র জানায়, এখানে শিশুদের শয্যাসংখ্যা ২৫২। কিন্তু প্রতিদিন গড়ে রোগী থাকে ২৭০ জনের বেশি। এক সপ্তাহ ধরে গড়ে দৈনিক ৮০ জন শিশু ভর্তি হচ্ছে এখানে। তার মধ্যে ৬০ থেকে ৬৫ জনই ব্রঙ্কিউলাইটিস, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত।
হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মো. আবু সৈয়দ চৌধুরী জানান, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শিশুদের শয্যা ৫০টি। গতকাল রোগী ছিল ৩০ জন। হাসপাতালের তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরী বলেন, ভর্তি রোগীর বেশির ভাগই ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও এ ধরনের রোগীর সংখ্যা বেড়েছে।
প্রণব কুমার চৌধুরী বলেন, শিশু হঠাৎ করে বুকের দুধ কিংবা পানি খেতে না চাইলে; বমি করলে ও বুক দ্রুত ওঠানামা করলে; শ্বাসকষ্ট ও খিঁচুনি দেখা দিলে; অজ্ঞান ও শরীর অত্যধিক ঠান্ডা হয়ে গেলে দেরি না করে তাকে হাসপাতালে কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। এ ছাড়া শিশুদের যাতে ঠান্ডা না লাগে, সেদিকে লক্ষ রাখতে হবে।