শিয়াল মনে করে পিটিয়ে মেছো বিড়াল হত্যা
শিয়াল মনে করে একটি মেছো বিড়ালকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ উত্তরপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মানুষের ধাওয়ায় পালাতে গিয়ে মেছো বিড়ালটি একটি আমবাগানের সীমানাপ্রাচীরে আটকে যায়।
বড়াইগ্রাম থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর আগ্রাণ উত্তরপাড়া গ্রামের মফিজ উদ্দিনের বাড়ির সামনে একটি মেছো বিড়াল ঘোরাঘুরি করছিল। মফিজ উদ্দিন ও তাঁর ছেলে শাহাদত হোসেন মেছো বিড়ালটিকে শিয়াল মনে করে তাড়া করে। এ সময় বিড়ালটি গ্রামের খাদেমুল ইসলামের আমবাগানের সীমানাপ্রাচীরে আটকে যায়। তখন মফিজ উদ্দিন ও শাহাদত হোসেনসহ ১০ থেকে ১২ জন বিড়ালটিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে উৎসুক জনতা মেছো বিড়ালটিকে দেখতে সেখানে ভিড় করে।
মফিজ উদ্দিন বলেন, সম্প্রতি গ্রামে শিয়ালের অত্যাচার বেড়ে গেছে। প্রায় সময় বাড়ির পোষা মুরগি খেয়ে ফেলে। গতকাল রাতে শিয়াল মনে করে গ্রামবাসী প্রাণীটিকে পিটিয়ে হত্যা করে। পরে বন বিভাগের লোকজন জানায় এটা মেছো বিড়াল।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, আইন অনুযায়ী এ ব্যাপারে নিয়মিত মামলা করার সুযোগ নেই। বন বিভাগের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তারা লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর কবির বলেন, গ্রামবাসী যে প্রাণিটিকে হত্যা করেছে, তা শিয়াল বা মেছো বাঘ নয়। এটি মেছো বিড়াল। এটা মানুষের তেমন ক্ষতি করে না। তাই মেছো বিড়াল হত্যা বন্ধে সবাইকে সচেতন হতে হবে।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়াম খাতুন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। বন বিভাগ এবং পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’