শিয়ালের মাংস বিক্রি করায় এক ব্যক্তিকে জরিমানা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শিয়ালের মাংস বিক্রির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজারে তাঁকে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল মালেক (৪৫)।
উপজেলা বন কর্মকর্তা মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, শিয়ালের মাংস বিক্রির খবর তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে জানান। ঘটনাস্থলে গিয়ে শিয়ালের মাংসসহ হাতেনাতে আবদুল মালেককে আটক করেন আরিফুর রহমান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবদুল মালেককে তিন হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি। আবদুল মালেক তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান। জব্দ করা শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।