শীতলক্ষ্যায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
নরসিংদীর পলাশের ঘোড়াশালে শীতলক্ষ্যার মাঝনদীতে ঝাঁপ দিয়ে গোসলে নেমেছিল তিন কিশোর। তাদের মধ্যে দুই কিশোর সাঁতরে তীরে উঠে আসতে পারলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের একদল ডুবুরির প্রায় চার ঘণ্টার চেষ্টায় ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারের শীতলক্ষ্যা নদীর মাঝামাঝি স্থান থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত ১৪ বছর বয়সী রায়হান মিয়া পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে। সে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারের একটি পোশাকের দোকানে কাজ করত।
রায়হানের স্বজন ও স্থানীয় লোকজন জানান, বেলা দেড়টার দিকে রায়হান, হাসিব ও রাকিব নামের তিন বন্ধু শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। নদীর ঘোড়াশাল প্রান্ত থেকে তারা একটি নৌকায় ওঠে। নদীর মাঝামাঝি যাওয়ার পর ওই নৌকা থেকে ঝাঁপ দেয় তিনজন। এ সময় রায়হান নদীর পানিতে তলিয়ে যায়। অন্যদিকে রাকিব ও হাসিব সাঁতরে নদীর তীরে চলে আসে। রায়হানকে দেখতে না পেয়ে তারা দুজন ঘটনাটি আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর জানানো হয়।
খবর পেয়ে বেলা দুইটার দিকে পলাশ ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদের আরও একটি দল এই উদ্ধার অভিযানে যুক্ত হয়। তারা প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যা ছয়টার দিকে রায়হানের লাশ উদ্ধার করে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, নিহত কিশোরের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাদিউল ইসলাম জানান, বেলা দেড়টার দিকে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকেই নিখোঁজ ছিল রায়হান নামের এক কিশোর। প্রায় চার ঘণ্টার উদ্ধার অভিযান শেষে সন্ধ্যা ছয়টার দিকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।