নওগাঁ
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ
নওগাঁ জেলায় গত ১৯ দিনে শীতজনিত রোগে ৩ হাজার ৭৯৬ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই শিশু।
কনকনে ঠান্ডা। এর সঙ্গে বইছে হিমেল বাতাস। এমন আবহাওয়ায় এক সপ্তাহ ধরে শীতে জবুথবু হয়ে পড়েছে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা নওগাঁর মানুষ। ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ।
নওগাঁ সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মাসের প্রথম ১৯ দিনে শীতজনিত রোগে ৩ হাজার ৭৯৬ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৪০ জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গত এক সপ্তাহে (১৩ থেকে ১৯ জানুয়ারি) নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৩২০ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৫ জন। তাদের বেশির ভাগই শিশু ও বয়স্ক। চিকিৎসকেরা বলছেন, তীব্র শীতের কারণে এসব রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
নওগাঁ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ২৩৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে শিশুর সংখ্যা ১২২। এ ছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯০ রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে ৫৮ শিশু। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ২৫ শিশু, ১০ পূর্ণবয়স্ক ও ৯ বৃদ্ধ রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফারহানা আক্তার বলেন, ‘শীত বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি এক শয্যায় দুই বা তিনজনকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে হাসপাতালে ৪০টি শয্যার বিপরীতে ৬১ শিশু ভর্তি রয়েছে। তাদের বেশির ভাগই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। তাদের সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি।’
নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, ‘হাসপাতালে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত রয়েছে। এ ছাড়া স্যালাইনসহ বিভিন্ন ওষুধের সরবরাহ পর্যাপ্ত আছে। রোগীর চাপ সামাল দিতে আমরা চিকিৎসাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’ ঠান্ডাজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করার জন্য পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। হাত ও পায়ে মোজা পরাতে হবে। আবার ঘামে কি না, সেদিকেও নজর রাখতে হবে। শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
নওগাঁয় কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যা নামার পর ঘন
কুয়াশায় চারদিকে ছেয়ে যায়। দুপুর ১২টার আগে সূর্যের দেখা মিলছে না। দিনমজুরেরা শীতে মাঠে কাজ করতে পারছেন না। একদিকে গরম কাপড়ের অভাব, অন্যদিকে কাজে বের হতে না পারায় তাঁদের দুর্ভোগের শেষ নেই। তবে গরম কাপড়ের দোকানগুলোতে লোকজনের ভিড় বাড়ছে। ফুটপাতেও গরম কাপড় বিক্রি হচ্ছে সমানতালে।
বদলগাছি আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের সহকারী পর্যবেক্ষক নজরুল ইসলাম বলেন, গতকাল সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার তাপমাত্রা আরও কমতে পারে।