ব্রাহ্মণবাড়িয়া
শুধু আইসিটি বই পেয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা
জেলায় চাহিদার তুলনায় ২৩ শতাংশ বই আসা বাকি। স্কুলগুলোতে পুরোনো বই দিয়ে ক্লাস চলছে।
নতুন বছরের ২০ দিন পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছায়নি। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত চাহিদার তুলনায় ২৩ শতাংশ বই এখনো আসা বাকি। অষ্টম শ্রেণির শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের বইটি এসেছে। নতুন বই না আসায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোনো বই দিয়ে ক্লাস করানো হচ্ছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাফি উদ্দিন বলেন, মাধ্যমিক পর্যায়ে জেলায় ৪১ লাখ ৮৬ হাজার বইয়ের চাহিদা রয়েছে। এখন পর্যন্ত ৬৭ শতাংশ বই এসে পৌঁছেছে। প্রতিদিন বই আসছে। তবে এখন পর্যন্ত অষ্টম শ্রেণির একটি বই এসেছে। বাকিগুলো সপ্তাহখানের মধ্যে এসে পৌঁছাবে বলে আশা করছেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ২৮ লাখ বই পৌঁছেছে। অষ্টম শ্রেণির মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৯ লাখ ৩৭ হাজার ৯৪৮ বইয়ের চাহিদা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইটি এসেছে।
নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, উপজেলায় অষ্টম শ্রেণির ৯২ হাজার ৪০০ বইয়ের চাহিদা রয়েছে। শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের ৬ হাজার ৬০০ বই এসেছে।
জেলার বিভিন্ন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সপ্তাহের প্রতি সোমবার ষষ্ঠ শ্রেণি, মঙ্গলবার সপ্তম শ্রেণি, শনি ও বুধবার অষ্টম শ্রেণি, রবি ও বৃহস্পতিবার নবম শ্রেণি এবং আর সপ্তাহের ছয় দিনই দশম শ্রেণির ক্লাস হয়।
নাম প্রকাশ না করার শর্তে জেলার সরকারি একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘ষষ্ঠ ও সপ্তমের মূল বইগুলো পেয়েছি। চারু–কারু, ক্যারিয়ার—এসব কয়েকটি বই বাকি আছে। আর নবম শ্রেণির সব বই এসেছে। তবে অষ্টমের শুধু আইসিটি বই এসেছে। পুরোনো বই দিয়ে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মেরাজুল ইসলাম বলেন, ‘এখনো বই নেই। তাই বিদ্যালয়ে যাওয়া হয় না। ঠিকমতো পড়াও শুরু করতে পারছি না।’
সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আরিশা আক্তার, সুমাইয়া বেগম ও লুবাবা ইসলাম বলে, বিদ্যালয়ে ক্লাস হচ্ছে। তারা শুনেছে বইয়ে নাকি পরিবর্তন হবে। যদি বই পরিবর্তন করে, তাহলে পুরোনো বই পড়ে কী হবে?
জেলা শহরের উইজডম স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জুনিয়া বেগম বলেন, স্কুল থেকে শিক্ষার্থীদের গত বছরের বই দেওয়া হয়েছে। নতুন বই এলে পুরোনো বইগুলো ফিরিয়ে নেওয়া হবে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, শিগগিরই তাঁরা নতুন বই পাবেন বলে আশা করছেন।