নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের কাছে আত্রাই নদের ওপর সেতু নেই। একটি সেতুর অভাবে যুগ যুগ ধরে ভোগান্তির শিকার হচ্ছেন নদের দুই পারের বিভিন্ন গ্রামের লক্ষাধিক বাসিন্দা। বর্ষায় নৌকা আর আর শুষ্ক মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকোই নদ পারাপারের একমাত্র ভরসা।
প্রসাদপুর ইউনিয়নের গাড়ীক্ষেত্র গ্রামের মোজাম্মেল হক (৪৮) বলেন, প্রতিবার নির্বাচন এলেই এলাকার জনপ্রতিনিধিদের কাছ থেকে এই ঘাটে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি পান তাঁরা। কিন্তু নির্বাচনে জয়ের পর প্রতিশ্রুতি পূরণ করা হয় না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অনেক আগে আত্রাই নদে সারা বছরই পানির প্রবাহ থাকত। তখন সারা বছরই নৌকায় করে নদ পারাপার হতে হতো। প্রায় ৩০ বছর ধরে স্থানীয় লোকজন শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোয় নদ পারাপার হন। প্রতিদিন এ পথে নদের পূর্ব পারের প্রসাদপুর, গণেশপুর, মৈনম, কাঁশোপাড়া ইউনিয়ন ও পশ্চিম পারের প্রসাদপুর, কুসুম্বা ইউনিয়নের অন্তত ৪০ গ্রামের বাসিন্দারা চলাচল করেন। সাঁকোটির পাশেই প্রসাদপুর বাজার। এই বাজারেই মান্দা উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল-কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, প্রসাদপুর খেয়াঘাটে প্রায় ২০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মিত হলেই নদ পারাপারে আর ভোগান্তি থাকবে না। বর্তমানে বাঁশের সাঁকোর ঝুঁকি এড়াতে অনেকে অতিরিক্ত তিন কিলোমিটার পথ ঘুরে মান্দা ফেরিঘাট সদর পার হয়ে প্রসাদপুর বাজারে যাতায়াত করেন।
সরেজমিনে দেখা যায়, প্রায় ৮০ ফুট দীর্ঘ সাঁকোটির দুই পাশে রেলিং নেই। হেঁটে, মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে সাঁকো দিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন।
প্রসাদপুরের গোটগাড়ী গ্রামের বাসিন্দা ও মান্দা মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুন আরা বলেন, কিছুদিন আগে তাঁদের কলেজের এক ছাত্রী সাইকেল নিয়ে যাওয়ার সময় নদের পানিতে পড়ে যান।
স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ ও প্রসাদপুর এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছরেও উপজেলা সদরসংলগ্নœখেয়াঘাটে সেতু না হওয়া বেদনাদায়ক।
এ প্রসঙ্গে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, তিনি এই ইউনিয়নে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখানে একটি সেতু নির্মাণের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মান্দা কার্যালয়ের প্রকৌশলী সাইদুর রহমান মিঞা বলেন, একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত বছর এলজিইডির সেতু নির্মাণকাজের সমীক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক সরেজমিনে সেতুর সম্ভাব্যতা যাচাই করেছেন। জনগুরুত্ব বিবেচনা করে শিগগির প্রকল্প প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাস হবে বলে আশা করা হচ্ছে।