শুরু হয়ে গেছে ট্রেনের টিকিট কালোবাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দে এক লাফ। কিন্তু পা ঠিকমতো মাটিতে না পড়ায় ‘পপাত ধরণিতল’। তবে মুখে উজ্জ্বল হাসি। সিরাজগঞ্জের টিকিট হাতে বেসরকারি কলেজের ছাত্র আমান। পড়ে গিয়ে পায়ে-কোমরে ব্যথা পেলেও কিছু আসে যায় না তাঁর। ২৬ তারিখ চাকরিজীবী বোনের সঙ্গে বাড়ি যাবেন তিনি।
ভাই বেশি ব্যথা পেয়েছেন? উপস্থিত লোকজনের সম্মিলিত প্রশ্নের তোড়ে আমানের জবাব, ‘টিকিট পাইছি, এর লগে ব্যথা!!’
গতকাল মঙ্গলবার অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে কাউন্টার বন্ধ হয়েছে বেলা দেড়টা থেকে সোয়া দুইটার মধ্যে। ২০টি কাউন্টারে টিকিট বিক্রি করা হলেও টিকিট পাননি অনেকেই। এবার ঈদের বিশেষ ট্রেন ছাড়বে আগামী মঙ্গলবার (২৪ তারিখ) থেকে। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি নিয়ে গতকাল সকাল থেকেই ট্রেনে বাড়ির পথে রওনা হয়েছেন অনেকে।
এদিকে সকাল সাড়ে নয়টার দিকে সিলেটের মোগলাবাজারে তেলবাহী ট্যাংকলরি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ছিল পাঁচ ঘণ্টার বেশি। মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশন জংশন থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টোলভ্যান বেলা একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ট্যাংকলরি উদ্ধার করে। স্টেশনের ম্যানেজার খায়রুল বশীর জানান, দিনভর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ থাকলেও চারটার পর থেকে সেখানকার যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে সকালে সিলেট থেকে রওনা দেওয়া পাহাড়িকা এক্সপ্রেস কবে ঢাকায় পৌঁছাবে তা নিয়ে সন্দিহান খোদ রেল কর্তৃপক্ষ।
দুপুরে হঠাৎ করেই কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে আসেন রেলসচিব আবুল কালাম আজাদ। তিনি রেলের বগিসংকট রয়েছে স্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘যতগুলো বগির প্রয়োজন, ততটা কোচ আমাদের নাই। তাই ছোট ছোট ট্রেন পরিচালনা করা হচ্ছে।’ তিনি জানান, কোনো কোনো ট্রেনের সঙ্গে মাত্র চার থেকে পাঁচটি কোচ আছে। একটি ট্রেনে ২৫টি কোচ দেওয়া যায়। সে অনুযায়ী এ মুহূর্তে ৬০০ কোচের প্রয়োজন রয়েছে। তবে দ্রুত রেলের বগিসংকট মেটাতে মন্ত্রণালয় ২৭০টি কোচ কিনছে উল্লেখ করে সচিব বলেন, এগুলো যোগ হলে সংকট অনেকখানি কমবে।
সকালে কমলাপুর স্টেশনে দেখা যায়, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশির ভাগ ট্রেন ভোরবেলায় হওয়ায় স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশের সঙ্গে সঙ্গে যাত্রীদের হুড়মুড় শুরু হয়ে যায়। বিপজ্জনক ভঙ্গিতে ট্রেনের ছাদে ওঠা নিয়ে রেল কর্তৃপক্ষ বারবার মাইকে ঘোষণা দিলেও যাত্রীদের গ্রাহ্য করার সময় নেই।
কালোবাজারি: অন্যদিকে ২০ জুলাই বিক্রি হওয়া ২৪ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি করছিলেন দুজন। সবার সামনেই। তাঁদের নাম জানতে চাইলে উল্টো ধমক,‘নাম দিয়া কী করবেন? টিকিট লাগলে লন।’
বিষয়টি উপস্থিত নিরাপত্তা কর্মকর্তা মজিবুরকে জানালে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান। তিনি বলেন, ‘আমাদের কাজ স্টেশনের নিরাপত্তা দেখা, আর টিকিট নিয়ে স্টেশনে কে প্রবেশ করবে বা করবে না সেটা দেখবেন টিকিট চেকাররা।’ কিন্তু প্রবেশপথে উপস্থিত তিন টিকিট চেকারের মধ্যে একজনও কথা বলতে রাজি হননি।
পকেটমারের দৌরাত্ম্য: স্টেশনে হকারদের তেমন কোনো উৎপাত না থাকলেও পকেটমাররা সক্রিয়। বেশ কয়েকজন যাত্রী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, এ নিয়ে রেলওয়ে নিরাপত্তাকর্মীদের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। এ বিষয়ে একজন নিরাপত্তাকর্মীও কথা বলতে রাজি হননি।
মঙ্গলবার রেলসচিব কমলাপুর ত্যাগ করার পরপরই প্ল্যাটফর্ম থেকে এক মহিলার মুঠোফোন নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী। উপস্থিত লোকজন ছিনতাইকারীদের ধরার জন্য দৌড়ালেও নিরাপত্তাকর্মীরা দাঁড়িয়ে ছিলেন। অপরাধীকে ধরবেন না—প্রশ্নের উত্তরে উল্টো প্রশ্ন, ‘আপনি কোন পত্রিকা থেকে আসছেন?’
আজ বুধবার বিক্রি হবে ২৭ জুলাইয়ের টিকিট এবং সর্বশেষ ২৪ জুলাই বৃহস্পতিবার বিক্রি করা হবে ২৮ জুলাইয়ের টিকিট। ঘোষণা অনুযায়ী টিকিট বিক্রি শেষ হলে চাহিদা অনুযায়ী স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে বলে জানান স্টেশন ম্যানেজার।