শূন্য সৈকতে বন্ধ ‘চিনাবাদাম’, দুর্ভোগে রাখাইনরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের বার্মিজ মার্কেটে বিক্রি হয় চিনাবাদামের প্যাকেট।
ছবি: প্রথম আলো

কক্সবাজার শহর থেকে ২৪ কিলোমিটার উত্তরে খুরুশকুল রাখাইনপাড়া। এটি পড়েছে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল লাগোয়ো এই পল্লিতে বসবাস ১১০ পরিবারের তিন শতাধিক রাখাইনের। অধিকাংশ পরিবারের জীবিকার প্রধান অবলম্বন ‘চিনাবাদাম’। সৈকতে যখন পর্যটকদের সমাগম থাকে, তখন চিনাবাদামের চাহিদা ও বিক্রি ভালো থাকে। ভালো আয়ে সচ্ছল জীবন কাটান তাঁরা। তবে করোনাকালে পর্যটক নেই, তাঁদের জীবনেও নেমে এসেছে দুর্ভোগ।

করোনার সংক্রমণ রোধে গত ১ এপ্রিল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের সমাগম নিষিদ্ধ করে জেলা প্রশাসন। এর পর থেকে টানা আড়াই মাস সৈকত ফাঁকা পড়ে আছে। বন্ধ আছে বাদাম বিক্রির বার্মিজ মার্কেটসহ পাঁচ শতাধিক দোকানপাট।

স্থানীয় রাখাইনদের ভাষ্য, পর্যটক নেই বলে চিনাবাদাম তৈরি শতভাগ বন্ধ আছে। আর এতেই দুর্ভোগ নেমে এসেছে তাঁদের জীবনে। অধিকাংশ পরিবার খাবার জোটাতে হিমশিম খাচ্ছে।

রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মং ছেন হ্লা রাখাইন বলেন, গত বছরের মার্চেও টানা পাঁচ মাস চিনাবাদাম তৈরি বন্ধ ছিল। তখন ধারদেনা করে পরিবারগুলো কোনো রকমে চলেছে। এরপর বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে গত ফেব্রুয়ারি থেকে আবার বাদাম তৈরিতে নামে পরিবারগুলো। এক মাস ব্যবসা হয়েছে। ১ এপ্রিল থেকে আবার সব বন্ধ হলে চিনাবাদাম তৈরিও বন্ধ হয়ে যায়।

চিনাবাদামের পল্লিতে এক দিন

২০ জুন বেলা দুইটার দিকে রাখাইনপল্লিতে গিয়ে দেখা গেল, বাচ্চারা দৌড়ঝাঁপ করছে। ঘরের বারান্দায় অলস সময় কাটাচ্ছেন বিভিন্ন বয়সী রাখাইন নারী। বৌদ্ধবিহার ও পরিত্যক্ত স্কুলের মাঠে গল্পে মশগুল পুরুষেরা। গ্রামের ৯০ শতাংশ মানুষের রোজগারের প্রধান উৎস চিনাবাদাম। অবশিষ্ট পরিবার সাগরে মাছ ধরে, সেলাই ও চাষাবাদ করে জীবিকা চালান।

গ্রামের মধ্যভাগে অর্ধনির্মিত পাকা বাড়িটি একসময়ের জেলে মং হ্লা ওয়ে রাখাইনের (৫৪)। বাড়িতে আছেন স্ত্রী বুসাং রাখাইন (৪৮); তিন ছেলে ওয়ামিং রাখাইন (২৮), মং বা হেন (২৬), মংবা লাইন (২৩) ও একমাত্র মেয়ে ম্য ছেন রাখাইন (২০)। মং হ্লা ৩৫ বছর সাগরে মাছ ধরে সংসার চালিয়েছেন। বড় দুই ছেলের পড়াশোনা শেষ হয়েছে। ছোট দুই ছেলে–মেয়ে পড়ছেন। তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের হাল ধরেন স্ত্রী বুসাং। চিনাবাদাম তৈরির সঙ্গে যুক্ত তিনি।
বুসাং রাখাইন বলেন, বিধিনিষেধের আগে চিনাবাদাম তৈরি করে তিনি মাসে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা আয় করতেন। আড়াই মাস ধরে চিনাবাদাম বানানো নেই, আয়ও বন্ধ। পর্যটকেরা চিনাবাদামের মূল গ্রাহক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার সময় তাঁরা চিনাবাদাম কিনে নেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় চিনাবাদামের চাহিদা আছে।

পল্লির ভেতরে আছে সদ্ধম্যবীর বৌদ্ধবিহার। বিহারের অধ্যক্ষ উশাসন বংশ মহাথের (৬৯) বলেন, লকডাউন ও বিধিনিষেধের প্রভাবে রাখাইনদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। বহু পরিবার ঋণ ও ধারদেনার টাকা পরিশোধ করতে না পেরে পালিয়ে বেড়াচ্ছে।

দিশেহারা কর্মজীবী নারীরা

টিনের ছাউনির ছোট্ট ঘরে মা ও মেয়েকে নিয়ে সংসার মায়ে চিং রাখাইনের। চিনাবাদাম তৈরি করে মাসে আয় করতেন ২০ হাজার থেকে ২২ হাজার টাকা। এই টাকায় তাঁর সংসার চলত। এখন পড়েছেন চরম অসহায় অবস্থায়। তিনি বলেন, ধারদেনা আর সোনার হার বিক্রি করে এত দিন সংসার চালিয়েছেন। এখন হাতে টাকাপয়সা নেই, কী করবেন ভেবে পাচ্ছেন না। সরকারি-বেসরকারি কোনো উদ্যোগ থেকে ত্রাণ পাননি তিনি।

পল্লির কয়েক রাখাইন নারী বলেন, অধিকাংশ পরিবার বিভিন্ন ব্যাংক, এনজিও থেকে চড়া সুদে ২০ হাজার, ৫০ হাজার, ১ লাখ টাকা করে ঋণ নিয়ে বাদাম বানানোর কাজে নেমেছিলেন। বাদাম তৈরি বন্ধ হলেও কিস্তির টাকার জন্য ধরনা দিচ্ছেন ব্যাংক ও এনজিও কর্মীরা।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ইতিমধ্যে ৩০টির বেশি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ নগদ টাকা এবং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

যেভাবে তৈরি হয় চিনাবাদাম

১ কেজি কাঁচা বাদামে মেশাতে হয় ২ কেজি ময়দা, ৮০০ গ্রাম চিনি, ১০০ গ্রাম তরল দুধ, পরিমাণমতো লবণ, সোডা ও সয়াবিন তেল। ফুটন্ত পানিতে দুধ, লবণ, সোডা মিশিয়ে একধরনের স্যুপ তৈরি করা হয়। এর সঙ্গে মেশানো হয় বাদাম। এরপর সেই বাদামগুলো ময়দার পাত্রে রেখে হাত দিয়ে গুলিয়ে নিতে হয়। তখন স্যুপের রস ময়দা খেয়ে ফেলে এবং বাদামের ওপর আস্তর তৈরি হয়। এভাবে ১০ থেকে ১২ বার করার পর আস্তর ভারী হয়। সেই বাদাম রোদে শুকিয়ে শক্ত করে আগুনে ভাজতে হয়। এভাবে খাওয়ার উপযোগী হয় চিনাবাদাম।

রাখাইনদের হাতে তৈরি চিনাবাদাম।
ছবি: প্রথম আলো

একসময় চীনে তৈরি এই বাদাম মিয়ানমার থেকে টেকনাফ সীমান্তে আনা হতো। বেশ কয়েক বছর ধরে খুরুশকুলের রাখাইন পল্লিতেই বানানো হচ্ছে চিনাবাদাম। প্রতি কেজি চিনাবাদাম বানাতে রাখাইনদের খরচ হয় ৭৫ টাকা। বিক্রি হয় ৯০ টাকায়। প্রতি কেজিতে লাভ থাকে ১৫ টাকা। প্রতিটি পরিবারে দৈনিক ৩০ থেকে ৫০ কেজি চিনাবাদাম বানালে লাভ থাকে ৪৫০ থেকে ৭৫০ টাকা। শহরের দোকানগুলোতে প্রতি কেজি চিনাবাদাম বিক্রি হয় ২০০ থেকে ২৫০ টাকায়।