শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না, তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী সাত কার্যদিবসের মধ্যে সশরীর উপস্থিত হয়ে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১১ অক্টোবর রাতে কুড়িগ্রাম সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন। তাঁর উপস্থিতিতে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী আহত হন।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রলীগের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ছাত্রলীগের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কমিটি ঘোষণার পর থেকেই আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছিল। আমরা ষড়যন্ত্রের শিকার। আশা করি, আমরা এই দুঃসময় অতিক্রম করব এবং সত্যের জয় নিয়ে দায়িত্ব ফিরে পাব।’