শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত যুবলীগ নেতা হলেন আ.লীগের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই বছর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে। গত বৃহস্পতিবার তাঁকে উপজেলার গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে। নতুন এ কমিটি নিয়ে উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিতে সমালোচনা চলছে।

উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, আমিনুল ইসলাম গোকর্ণ ইউনিয়নের জেঠা গ্রামের বাসিন্দা। ২০২০ সালের ১৪ মে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করে জেলা যুবলীগ। ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি দুজন রাজাকার সন্তানের তালিকা প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। সে তালিকায় আমিনুলের নাম আছে। তখন দলীয় পদ ও সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য তাঁকে অনুরোধ করা হয়।

গত বৃহস্পতিবার উপজেলার গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। কমিটিতে আমিনুল ইসলামকে সভাপতি ও মহিদুজ্জামানকে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়।

জানা গেছে, ২০২০ সালের ২০ এপ্রিল উপজেলার গোকর্ণ ইউনিয়নের তিতাস নদের পাড়ে ধানমাড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের ছয় সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম খন্দকার বাদী হয়ে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ৫৮ জনের নামে মামলা করেন। মামলায় আসামি আমিনুলকে ২৫ এপ্রিল রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে ছাড়া পান। জেলা যুবলীগ তদন্ত করে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করে।

নতুন পদ প্রাপ্তির বিষয়ে আমিনুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এ জন্য তাঁর বক্তব্য জানা যায়নি।
নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ওয়ার্ড কমিটির ভোটে সম্মেলনের মাধ্যমেই তাঁকে সভাপতি পদ দেওয়া হয়েছে। তা ছাড়া তাঁর পক্ষে ইউনিয়নের নেতা-কর্মীদের সমর্থন রয়েছে।