শেখ জামাল সেতুর আটটি সুরক্ষাদেয়াল ভেঙে ৮৮ লাখ টাকার ক্ষতি
বাল্কহেডের ধাক্কায় পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ জামাল সেতুর দুটি গার্ডারের ৮টি সুরক্ষাদেয়াল (ফেল্ডার পাইল) ভেঙে গেছে। এতে প্রায় ৮৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত দুই দিন সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, দুটি গার্ডারের আটটি ফেল্ডার পাইল ভেঙে গেছে। এর মধ্যে ছয়টি পুরোপুরি ভেঙে গেছে এবং দুটি সুরক্ষাদেয়াল ধাক্কা লাগায় হেলে পড়েছে। প্রতিটি সুরক্ষাদেয়াল নির্মাণে প্রায় ১১ লাখ খরচ হয়। সেই হিসাবে আনুমানিক ক্ষতি হয়েছে ৮৮ লাখ টাকা। তিনি ব্যক্তিগতভাবে ক্ষতির এই ধারণা করছেন। এটি আনুষ্ঠানিক কোনো হিসাব নয়।
গত বৃহস্পতিবার সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর-পুরান মহিপুর পয়েন্টে সোনাতলা নদীর ওপর নির্মিত শেখ জামাল সেতুর গার্ডারে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কা লাগে। ৩২ হাজার ৫০০ ঘনফুট বালুবোঝাই বাল্কহেডটি কুয়াকাটার খাজুরা থেকে পায়রা বন্দরে যাচ্ছিল। ধাক্কায় পাইল ভেঙে সেতুটির নিচে নুরুল ইসলামের মাছ ধরার নৌকায় পড়ে। নৌকাটি ডুবে গেলেও নুরুল ইসলাম সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
এ ঘটনার পরই কোস্টগার্ড নিজামপুর কন্টিনজেন্টের কর্মীরা বাল্কহেডের চারজন কর্মচারীকে আটক করেন। পরবর্তী সময় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। তবে বাল্কহেডটি জব্দ করা হয়েছে। এ ঘটনার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর গত বৃহস্পতিবার মহিপুর থানায় সাধারণ ডায়েরি করেছে।
দুর্ঘটনার পরপরই সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান ও উপসহকারী প্রকৌশলী রাজীব অধিকারী শেখ জামাল সেতুর ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে ঘুরে দেখেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় সড়ক ও জনপথ অধিদপ্তর কোনো তদন্ত দল গঠন করেনি।
প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, দুই দিন ধরে এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সার্বিক পরিস্থিতি জানিয়ে চিঠি দিয়েছেন। হয়তো শিগগির তদন্ত দল গঠন করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে সেতুর ওপর দিয়ে যান চলাচলে কোনো সমস্যা হবে না।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। ঘটনার পুরো তদন্ত করার জন্য আদালতের কাছে অনুমতি চাইবেন। অনুমতি পেলে তদন্ত শেষ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।