শের-ই-বাংলা মেডিকেলে এল আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পেল আইসিইউ সুবিধা-সংবলিত অ্যাম্বুলেন্স
ছবি: প্রথম আলো

নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধাসংবলিত অ্যাম্বুলেন্স পেল বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এর আগে বরিশাল বিভাগে আইসিইউ সুবিধার কোনো অ্যাম্বুলেন্স ছিল না। জরুরি ও মুমূর্ষু রোগীদের অনেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। আর্থিক সামর্থ্য আছে এমন রোগীদের নেওয়া হতো হেলিকপ্টারে।

হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্র জানায়, ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে বাংলাদেশে পাঠানো ১০৯টি অ্যাম্বুলেন্সের ১টি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

অ্যাম্বুলেন্সটিতে লাইফ সাপোর্ট সুবিধা রয়েছে। আর লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করতে ইতিমধ্যে নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তবে জরুরি রোগীর কল না থাকলে সাধারণ রোগীরাও এই অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগ পাবেন। আর রোগী বহনে কিলোমিটার অনুযায়ী টাকা গুনতে হবে রোগীদের। প্রতি কিলোমিটার কত টাকা ভাড়া, তা এখনো নির্ধারণ করা হয়নি।

হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি অ্যাম্বুলেন্সটি হাসপাতালে রোগীদের বহনের জন্য পাঠানো হয়েছে। এটাই দক্ষিণাঞ্চলের একমাত্র আইসিইউ সুবিধাসংবলিত অ্যাম্বুলেন্স। একজন রোগী লাইফ সাপোর্টে থাকাকালে যা যা প্রয়োজন, তার সবকিছুই রয়েছে এই অ্যাম্বুলেন্সে। লাইফ সাপোর্ট দেওয়ার জন্য দক্ষ জনবল তৈরি করা হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সটি ব্যবহারে প্রতি কিলোমিটারে কত টাকা দিতে হবে, বিষয়টি জানার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পর ভাড়া জানানো হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরের ২৬ ও ২৭ মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। ওই সময় তিনি স্বাস্থ্যসেবার উন্নয়ন ও চলমান করোনা পরিস্থিতি যৌথভাবে মোকাবিলার জন্য বাংলাদেশকে ১০৯টি আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন। এরপর পাঁচ চালানে ১০৯টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছায়।