শেরপুর থেকে ফিরতি পথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
বগুড়ার শেরপুর থেকে ঢাকায় কর্মস্থলমুখী বাসযাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শেরপুরে ঢাকা কোচ টার্মিনালে বিভিন্ন পরিবহনের বাস কাউন্টারের কর্মচারীরা যাত্রীপ্রতি ভাড়া হিসেবে অতিরিক্ত ৪০০ টাকা আদায় করছেন।
ঢাকাগামী ১০ যাত্রী বলেন, আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) থেকে করোনার সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ শুরু হবে। এ কারণে ঢাকায় কর্মস্থলে ফিরছে মানুষ। এই সুযোগে স্থানীয় বাস কাউন্টারের কর্মচারীরা বাড়তি ভাড়া আদায় করছেন।
ঢাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ঢাকায় বাসে স্বাভাবিক ভাড়ার চেয়ে অন্তত ৪০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না।
বাসযাত্রী তহমিনা খাতুন বলেন, তাঁকে ৮০০ টাকা দিয়ে ঢাকায় যেতে বাসের টিকিট করতে হয়েছে। বাসের টিকিট চাইতে গেলে প্রথমে কাউন্টার থেকে বলে দিচ্ছে টিকিট নেই। একপর্যায়ে বাড়তি টাকা দিলে মিলছে ঢাকা যাওয়ার বাসের টিকিট।
বাসযাত্রী আমজাদ হোসেন টিকিট নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাস টার্মিনালের পাশে বাসের অপেক্ষায়। তিনি বলেন, শুক্রবার থেকে কঠোর বিধিনিষেধ শুরু হবে। এ কারণে তাঁকে জরুরিভিত্তিতে ঢাকা যেতে হবে। বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়েই তাঁকে বাসের টিকিট সংগ্রহ করতে হয়েছে।
শেরপুর শহরের খেজুরতলা এলাকায় ঢাকা কোচ টার্মিনাল। দুপুর সাড়ে ১২টায় সেখানে গিয়ে দেখা যায়, মহাসড়কের ওপরে ঢাকাগামী একাধিক বাস। শেরপুর কোচ টার্মিনালের যাত্রীদের মহাসড়কের ওপর থেকে তোলা হচ্ছে বাসে। এভাবে বাসে যাত্রীদের ওঠানোর কারণে মহাসড়কে যানজট বৃদ্ধি পাচ্ছে। মহাসড়ক থেকে এসব বাস সরিয়ে দেওয়ার জন্য স্থানীয় পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি।
কোচ টার্মিনালের মধ্যে রয়েছে একাধিক বাসের কাউন্টার। এর মধ্যে আর কে কাউন্টার থেকে জানানো হয়, আগামীকাল শুক্রবার থেকেই কঠোর বিধিনষেধ। এ ঘোষণার কারণে কর্মস্থল ঢাকায় ফেরা মানুষজন টার্মিনালে চলে এসেছেন। আজ সকাল থেকেই ঢাকাগামী যাত্রীদের বাড়তি চাপ বেড়ে গেছে।
টার্মিনালের চারটি পরিবহন প্রতিষ্ঠানের বাস কাউন্টার সূত্রে জানা যায়, আগে শেরপুর থেকে ঢাকায় যাওয়ার জন্য প্রত্যেক যাত্রীর কাছ থেকে ভাড়া নিতেন সাড়ে ৩৫০ টাকা। এখন প্রতিটি বাসের আসনেই যাত্রী তোলা হচ্ছে। বাসের সংখ্যাও কম। এসব বাস ঢাকায় ঢুকলে কঠোর বিধিনেষেধের কারণে আবার ফিরতে পারবে না। এ কারণেই যাত্রীদের কাছে থেকে একটু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
বাস কাউন্টাররের কর্মচারীদের দাবি, তাঁরা ঢাকামুখী যাত্রীদের কাছ থেকে ৫৫০ থেকে ৬০০ টাকা করে আদায় করছেন।
বাসযাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে শহরের খেজুরতলা ঢাকা কোচ টার্মিনাল কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কি না, তা তাঁকে জানানো হয়নি। মহাসড়কের ওপর বাস রাখা হয়েছে কি না, তা তিনি জানেন না।
সড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম বানিউল আনাম বলেন, এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন।