শেরপুর পৌর আ.লীগের সভাপতি সারওয়ার, সম্পাদক গোলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি সারওয়ার রহমান (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক গোলাম হোসেন
ছবি: প্রথম আলো

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বগুড়ার শেরপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে সারওয়ার রহমান ও সাধারণ সম্পাদক পদে গোলাম হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

বিকেল সাড়ে পাঁচটায় শেরপুর শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ চত্বরে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।

মকবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল রাজী, শিল্পবিষয়ক সম্পাদক তপন কুমার চক্রবর্তী। সম্মেলনে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি সাইফুল বারী, রেজাউল করিম প্রমুখ।

কলেজ মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয় সন্ধ্যা সাতটায়। দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠনের সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সারওয়ার রহমান ও গোলাম হোসেনের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা নির্বাচিত হন।

সারওয়ার জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া গোলাম হোসেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সম্মেলন শেষে বিদায়ী সম্পাদক রেজাউল করিম বলেন, সর্বশেষ ২০১৪ সালে পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। আট বছর পর এই সম্মেলন হলো। করোনা মহামারি, জাতীয় নির্বাচন ও পৌর নির্বাচনের কারণে সঠিক সময়ে সম্মেলন সম্পন্ন করা সম্ভব হয়নি।