শেরপুর পৌরসভা নির্বাচন: বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন থানা বিএনপির সাবেক সভাপতি জানে আলম। আর বিএনপি মনোনীত প্রার্থী শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। বিএনপিতে বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সুবিধা পাবেন বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। দুই প্রার্থী থাকায় বিএনপির ভোটার বিভক্ত হওয়ার আশঙ্কা আছে। আর সেই সুবিধা আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সাত্তার পাবেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এদিন বেলা সোয়া দুইটার দিকে মনোনয়নপত্র জমা দেন স্বাধীন কুমার কুন্ডু। এরপর স্বতন্ত্র প্রার্থী হয়ে জানে আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী ইমরান কামাল বিকেল সাড়ে চারটায় মনোনয়নপত্র জমা দেন।

জানে আলমের মনোনয়নপত্র জমা নিয়ে ব্যাপকভাবে আলোচনা চলছে। এ বিষয়ে কয়েকজন ভোটার জানান, মেয়র পদের এই নির্বাচনে জানে আলম অংশগ্রহণ করায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবেন সরকারদলীয় প্রার্থী।

জানে আলম বলেন, দলের কাছে তাঁর প্রত্যাশা ছিল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল তৃণমূলের মতামত নেবে। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। পূরণ হয়নি তৃণমূলের চাওয়া-পাওয়া। এ কারণে তৃণমূলের দাবির পরিপ্রেক্ষিতে তিনি ভোট করছেন। তার এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দলীয়ভাবে যদি কোনো ব্যবস্থা নেয়, এ ক্ষেত্রে তাঁর কিছু করার নেই।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, জানে আলম দুবার শেরপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। বিএনপির দলীয় প্রার্থী হয়ে বগুড়া ৫ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টাসহ শেরপুর থানা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তিনি।

সূত্র আরও জানায়, বিএনপির দলীয় মেয়র প্রার্থী স্বাধীন কুমার কুন্ডু শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ বর্তমানে থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনিও শেরপুর পৌরসভার একবার মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচন নিয়ে স্বাধীন কুমার কুন্ডু বলেন, মেয়র পদে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। দলের তৃণমূলের নেতা-কর্মীরা তাঁর পক্ষে আছেন। নির্বাচনে বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

আসন্ন নির্বাচন নিয়ে শেরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে থানা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম বলেন, যাঁরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তাঁরা কখনোই বিএনপিদলীয় সিদ্ধান্তের বাইরে কোনো প্রার্থীকে ভোট দেবেন না। স্বতন্ত্র প্রার্থী হয়ে জানে আলম প্রতিদ্বন্দ্বিতা করাতে তাদের নির্বাচনী প্রচারণায় কোনো প্রভাব পড়বে না।

আসছে বছরের ১৬ জানুয়ারি শেরপুর পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ হবে। রোববার বিকেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষ সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৯ জন সাধারণ কাউন্সিলর পদে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ডে ১০ জন ও মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।