শেরপুর মা-মেয়ে করোনায় আক্রান্ত

শহরে মা-মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত মা ঢাকায় একটি তৈরি পোশাক কারখানার কর্মী। তারা ৩–৪দিন আগে ঢাকা থেকে এখানে আসেন। এ দুজনকে নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৪ জন। অবশ্য ইতিমধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ আজ শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রথম আলোকে তিনি বলেন, শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে মা-মেয়ের করোনা 'পজিটিভ' বলে নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন বলেন, মা-মেয়ে দুজনেই ঢাকায় থাকতেন। ৩-৪ দিন আগে তাঁরা শেরপুর শহরের বাড়িতে আসেন। তাঁদের দুজনেরই সর্দি, কাশি, জ্বরসহ করোনার উপসর্গ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা ঢাকাতেই সংক্রমিত হন। পরে শেরপুরে চলে আসেন। মা-মেয়েকে তাঁদের বাসায় হোম আইসোলেশনে রাখা হয়েছে। আগামীকাল রোববার তাঁদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
এক মাসে জেলায় ৩৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শেরপুর সদরে ১৮, শ্রীবরদীতে ৩, ঝিনাইগাতীতে ৭, নকলায় ৫ ও নালিতাবাড়ী উপজেলায় ১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬ চিকিৎসকসহ ১৮ জন স্বাস্থ্যকর্মী ও ৪ পুলিশ সদস্য আছেন। আক্রান্তদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনার বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য পুনরায় অনুরোধ জানান সিভিল সার্জন।
৫ এপ্রিল দুই নারী শেরপুর জেলায় প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন।