শেরপুরে অটোরিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে একটি ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) ধাক্কায় পুলিশ বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। ওই অটোরিকশাচালকের নাম নুরুল ইসলাম গাজী (৫৮)। তাঁর বাড়ি সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া গ্রামে। গতকাল বৃহস্পতিবার রাতে শেরপুর-ঢাকা মহাসড়কের শেরপুর সদর উপজেলার হাওড়াগড় বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে সদর থানার কয়েকজন পুলিশ সদস্য নুরুল ইসলাম গাজীর সিএনজিচালিত অটোরিকশায় চড়ে শেরপুর-ঢাকা মহাসড়কে টহল দিচ্ছিলেন। এ সময় সদর উপজেলার হাওড়াগড় বাঁশতলা এলাকায় চালক নুরুল ইসলাম গাজী অটোরিকশাটি থামান এবং অটোরিকশা থেকে নেমে সড়কের ওপর দাঁড়ানোমাত্র পেছন থেকে ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ি তাঁকে (নুরুল ইসলাম) ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ চালকসহ ওই ব্যক্তিগত গাড়িটি আটক করেছে। নুরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।