শেরপুরে অবশেষে সড়কের রক্ষণাবেক্ষণের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল দুপুরে সদর উপজেলার সৈকত গুচ্ছগ্রামে
ছবি: প্রথম আলো

শেরপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর রক্ষার জন্য অবশেষে ব্যাঙেরমোড়-বালুরঘাট সড়কের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর শেরপুর বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়ার সৈকত গুচ্ছগ্রাম-সংলগ্ন ওই সড়কে বালুর বস্তা দিয়ে ভরাটের কাজ শুরু হয়। ফলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘর ঝুঁকি ও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে উপকারভোগীরা আশা করছেন।

উপজেলা প্রশাসন, গুচ্ছগ্রামের উপকারভোগী ও সওজ বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুরে প্রয়োজনীয় পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ব্যাঙেরমোড়-বালুরঘাট সড়কে গভীর খাদের সৃষ্টি হয়। ফলে চলতি বর্ষা মৌসুমে একাধিকবার ভারী বর্ষণের ফলে সদর উপজেলার সৈকত গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘর ঝুঁকির মুখে পড়ে।

এ বিষয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই, ঝুঁকির মুখে প্রকল্পের ঘর’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সওজ বিভাগের কর্মকর্তারা মঙ্গলবারই সড়কটি পরিদর্শন করেন। পরে বুধবার সকাল থেকে সড়কের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়।

সওজের শেরপুরের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, জরুরি রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সওজের পক্ষ থেকে ব্যাঙেরমোড়-বালুরঘাট সড়কে সৃষ্ট খাদের ৫০ মিটার অংশ প্রাথমিকভাবে বালুর বস্তা দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছে, যাতে এলাকাবাসী ওই সড়কে সহজেই যাতায়াত করতে পারে; পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ঝুঁকির হাত থেকে রক্ষা পায়। আগামী অর্থবছরে সড়কটির উন্নয়নকাজ করা হবে বলে তিনি জানান।

এদিকে দুপুরে সরেজমিনে দেখা যায়, সওজর শ্রমিকেরা বালুর বস্তা ফেলে সড়কের গভীর খাদ ভরাটের কাজ করছেন। এ সময় সৈকত গুচ্ছগ্রামের সভাপতি মো. নওশের আলী ও আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী হনুফা বেগমসহ কয়েকজন উপকারভোগী তাঁদের গুরুতর সমস্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় প্রথম আলোকে ধন্যবাদ জানান।

সদরের ইউএনও মেহনাজ ফেরদৌস বলেন, প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলেন। এরপর ডিসি সড়কের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য সওজ বিভাগকে পরামর্শ দেন। আশ্রয়ণ প্রকল্পের কোনো ঘরের যাতে ক্ষতি না হয়, সে জন্য প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছে।