শেরপুরে আক্রান্তের অর্ধেকের বেশি স্বাস্থ্যকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে আরও এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৬ চিকিৎসকসহ ১৮ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন। আর জেলায় এক মাসে মোট আক্রান্ত ৩২ জন।

সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ এবং শ্রীবরদীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. আনোয়ার হোসেন আজ বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন আনওয়ারুর রউফ প্রথম আলোকে বলেন, আজ রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে ওই চিকিৎসকের করোনা পজিটিভ বলে নিশ্চিত করা হয়। তাঁকে শেরপুর শহরে বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

অপর দিকে ইউএইচএফপিও আনোয়ার হোসেন বলেন, করোনা পরীক্ষার জন্য ওই চিকিৎসকের সংস্পর্শে আসা হাসপাতালের দু-তিনজন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করা হবে।

সিভিল সার্জন বলেন, বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩২। এর মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসকসহ ১৮ স্বাস্থ্যকর্মী রয়েছেন।