শেরপুরে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ১৪৬
শেরপুরে করোনা সংক্রমণের প্রায় এক বছর চার মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ১৪৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে নালিতাবাড়ী উপজেলায় একজন মারা গেছেন। আজ রোববার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
আক্রান্ত ১৪৬ জনের মধ্যে শেরপুর সদরে ৬৮ জন, নকলায় ১৫, ঝিনাইগাতীতে ২৩, নালিতাবাড়ীতে ২৯ ও শ্রীবরদী উপজেলায় ১১ জন রয়েছেন। সব মিলিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়াল মোট ২ হাজার ৯৯১। এই জেলায় গত বছরের ৫ এপ্রিল প্রথম দুই নারীর করোনা শনাক্ত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটি–পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩১ দশমিক ৭৩। বর্তমানে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ জন কোভিডে আক্রান্ত রোগী ও উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৫৭ জন।
সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ আজ সকালে প্রথম আলোকে বলেন, ঈদুল আজহার পরপরই এক দিনে ১৪৬ জনের শনাক্তের বিষয়টি উদ্বেগজনক। এভাবে শনাক্তের সংখ্যা বাড়তে থাকলে শেরপুরে করোনা সংক্রমণের পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে প্রতিদিনই এক থেকে দুজনের মৃত্যু হচ্ছে। করোনার ভয়াবহতা নিয়ে গ্রামীণ জনপদে মানুষের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই করোনার নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালন করতে হবে।
উল্লেখ্য, আজ ২৫ জুলাই পর্যন্ত শনাক্ত ২ হাজার ৯৯১ জনের মধ্যে শেরপুর সদরে ১ হাজার ৯০৯ জন, নকলায় ২৯৯, নালিতাবাড়ীতে ৩২৮, ঝিনাইগাতীতে ১৮৬ ও শ্রীবরদী উপজেলায় ২৬৯ জন রয়েছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। মৃত্যু হয়েছে ৫৯ জনের।