শেরপুরে এক দিনে সর্বোচ্চ ৯৬ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

শেরপুরে গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনা শনাক্ত হয়। এরপর এক বছর তিন মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এদিকে করোনায় আক্রান্ত হয়ে গতকাল বুধবার রাতে শহরের নয়আনী বাজারের এক ব্যবসায়ী ও কামারেরচর এলাকার এক নারী মারা গেছেন।

এক মাসের ব্যবধানে মৃত্যু ও শনাক্ত দ্বিগুণের বেশি
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৮ জুন পর্যন্ত শেরপুর জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে ৮১৬ ও ১৮। আর আজ ৮ জুলাই পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ১ হাজার ৯৭৫ ও ৩৮। অর্থাৎ এক মাসের ব্যবধানে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৯৬ জনের মধ্যে শেরপুর সদরের ৭০, নালিতাবাড়ীর ১১, নকলার ৭, ঝিনাইগাতীর ৫ ও শ্রীবরদীর ৩ জন । সব মিলিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৯৭৫।

সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ প্রথম আলোকে বলেন, শেরপুরে করোনার সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। বর্তমানে প্রায় প্রতিদিনই দু–তিনজনের মৃত্যু হচ্ছে। জেলা সদর হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছে। চলমান লকডাউনেও করোনার ভয়াবহতা নিয়ে গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের উদাসীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাই করোনার নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে সবাইকে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালন করতে হবে।