শেরপুরে একই পরিবারে চার শিক্ষার্থীসহ সাতজন করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

শেরপুরে গত ২৪ ঘণ্টায় ১৩৫টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একই পরিবারে চার শিক্ষার্থীসহ সাতজন আছেন। বুধবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদরে ১২, নালিতাবাড়ীতে ২ ও নকলা উপজেলায় ১ জন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৪।

একই পরিবারে আক্রান্ত সাতজন হলেন শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার দের মা আরতি দে, স্ত্রী ফাল্গুনী মজুমদার, মেয়ে ঐশ্বর্য দে, ছেলে অর্ণব দে, সুব্রতর ভাবি লুনা মিত্র মজুমদার, ভাতিজি অর্চিতা দে ও ভাতিজা সৌম্যদ্বীপ দে। তাঁরা যৌথ পরিবারের সদস্য।

সুব্রত কুমারের মেয়ে ঐশ্বর্য শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ছেলে অর্ণব নবারুণ পাবলিক স্কুল, ভাতিজা সৌম্যদ্বীপ সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষার্থী। আর ভাতিজি অর্চিতা উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এ ছাড়া সুব্রত কুমারের স্ত্রী ফাল্গুনী মজুমদার সদর উপজেলার গনই ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁদের বাড়ি শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায়।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার দে তাঁর পরিবারের সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জেলায় শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আরও সচেতন থাকার অনুরোধ জানানো হবে।