শেরপুরে কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলার মানচিত্র

শেরপুরে একটি কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি করার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী পুরানপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।

ফটিয়ামারী পুরানপাড়া সর্বজনীন কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবদুল হাই ও সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ১১টি কঙ্কাল চুরির ঘটনা নিশ্চিত করেছেন।

কবরস্থান ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাতটার দিকে ফটিয়ামারী গ্রামের এক বাসিন্দা তাঁর স্বজনের কবর জিয়ারত করার জন্য ফটিয়ামারী পুরানপাড়া সর্বজনীন কবরস্থানে যান। এ সময় তিনি দেখেন, তাঁর স্বজনের কবরসহ ১১টি কবর খোঁড়া এবং ভেতরে কোনো লাশ বা কঙ্কাল নেই। পরে বিষয়টি তিনি এলাকাবাসী ও কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবদুল হাইকে জানান।খবর পেয়ে কমিটির সভাপতি ও সম্পাদকসহ এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজ দুপুরে কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, কবর থেকে ১১টি কঙ্কাল চুরি হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী। প্রাথমিকভাবে কঙ্কাল চুরি যাওয়া ছয় মৃত ব্যক্তির নাম জানা গেছে। তাঁরা হলেন নজমুল হোসেন, তফছের আলী, মোফাজ্জল হোসেন, স্বাধীন, বেচু মিয়া ও সোহেল। এসব ব্যক্তির লাশ ছয় মাস আগে কবর দেওয়া হয়েছিল।

কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবদুল হাই প্রথম আলোকে বলেন, কঙ্কাল চুরি যাওয়ার ঘটনায় তাঁরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুনসুর আহাম্মদ বলেন, কঙ্কাল চুরির বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।