শেরপুরে করাতকলে অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত করাতকল। বুধবার সকালে শহরের অষ্টমীতলা এলাকায়
ছবি: দেবাশীষ সাহা রায়

শেরপুর শহরের একটি করাতকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে শহরের অষ্টমীতলা এলাকার মো. হাবিবুর রহমানের মালিকানাধীন করাতকলে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনাটি নাশকতা বলে দাবি করেছেন করাতকলমালিকের ছেলে।

করাতকলমালিক হাবিবুর রহমানের ছেলে হৃদয় রহমান প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার রাতে কাজ শেষে তাঁরা শহরের অষ্টমীতলার বাসায় ঘুমাতে যান। এরপর আজ ভোররাত চারটার দিকে এক প্রতিবেশী তাঁদের করাতকলে আগুন লাগার কথা জানান। তাঁরা দ্রুত করাতকলে যান এবং ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তাঁদের করাতকলে থাকা বিপুল পরিমাণ কাঠসহ করাতকলের মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হৃদয় রহমানের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাঁদের এক স্বজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধ থেকে করাতকলে এ আগুন লাগানো হয়েছে। এ ব্যাপারে তাঁরা থানায় অভিযোগ করবেন।

ফায়ার সার্ভিস ও শেরপুর কার্যালয়ের ওয়্যার হাউস ইন্সপেক্টর দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে এটি নাশকতা কি না, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।