শেরপুরে করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়াল, এক মাসে দ্বিগুণ
শেরপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ৩১ দশমিক ১৬ শতাংশ। এ সময়ে মারা গেছেন একজন।
গত ১১ জুলাই পর্যন্ত শেরপুর জেলায় করোনায় সংক্রমিত ছিলেন ২ হাজার ২১৯ জন ও মৃত্যুর সংখ্যা ছিল ৪০। আজ বুধবার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৪ হাজার ৭১ ও ৮০। অর্থাৎ এক মাসের ব্যবধানে জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।
আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় মোট ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩১ দশমিক ১৬। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, শ্রীবরদীতে ২৫ জন, ঝিনাইগাতীতে ১০ জন, নালিতাবাড়ীতে ১৯ জন ও নকলা উপজেলায় ২ জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার পর্যন্ত জেলা সদর হাসপাতালে কোভিডে আক্রান্ত ৪২ জন রোগী ও আইসোলেশন ওয়ার্ডে ১৭ জন ভর্তি রয়েছেন।
জেলা সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ প্রথম আলোকে বলেন, শেরপুরে করোনার বিস্তার বেড়েই চলেছে। বর্তমানে জেলায় সামাজিক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। একই পরিবারে দুই থেকে চারজন পর্যন্ত আক্রান্ত হচ্ছেন। করোনার ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করোনার নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালন করতে হবে। একই সঙ্গে টিকাও গ্রহণ করতে হবে।