শেরপুরে করোনায় দুই সপ্তাহে কোনো মৃত্যু নেই
শেরপুরে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৯৭ শতাংশ সুস্থ হয়েছেন। সেই সঙ্গে দুই সপ্তাহের বেশি সময়ে করোনায় কেউ মারা যাননি।
এদিকে এই জেলায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সদর উপজেলায় পাঁচজন ও নালিতাবাড়ী উপজেলায় একজন। সব মিলিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭১৫। আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটি–পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৮ দশমিক ১০ শতাংশ।
গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর আজ ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেড় বছরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৫। এই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৬৮ জন। শনাক্ত হিসেবে সুস্থতার হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৯০ জন। তবে গত দুই সপ্তাহে কেউ মারা যাননি। আজ সোমবার সকাল আটটা পর্যন্ত জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে কোভিডে আক্রান্ত ৫ জন ও উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ৯ জন ভর্তি আছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সবশেষ ৯ সেপ্টেম্বর করোনায় একজন মারা যান। ১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত শেরপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৭ জন ও মারা গেছেন ২ জন। অন্যদিকে আগস্ট মাসে আক্রান্ত হয়েছিলেন ৯৭০ জন, আর মারা গেছেন ১৭ জন। অর্থাৎ আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে জেলায় করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা—দুটোই অনেক কমেছে।
জেলা সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ প্রথম আলোকে বলেন, চলতি মাসে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। বিপরীতে সুস্থ হওয়ার হার বেড়েছে। এটি ইতিবাচক। তবে করোনার সংক্রমণ ও বিস্তার রোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে শিক্ষক ও অভিভাবক সবাইকে সচেতন থাকতে হবে।