শেরপুরে কারখানার দূষণের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় একটি কারখানার দূষণের প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। কারখানাটির সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকার পার্শ্ববর্তী ১০টি গ্রামের কয়েক শ নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

ভবানীপুর ইউনিয়ন সচেতন নাগরিক কমিটি এই কর্মসূচির আয়োজন করে। গতকাল সকাল সাড়ে ১০টায় মজুমদার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির কারখানার সামনে এলাকার লোকজন জড়ো হন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। নারীরা ঝাঁটা নিয়ে মিছিল করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ কর্মসূচি চলাকালে স্থানীয় থানা-পুলিশ ওই কারখানার প্রধান ফটকে অবস্থান নেয়। এ সময় ঢাকা-বগুড়া মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কর্মসূচিতে অংশ নেওয়া পাঁচজন নারী-পুরুষ বলেন, ওই কোম্পানির কারখানার বিষাক্ত বর্জ্য, দূষিত কালো ধোঁয়া, ছাই, কুঁড়া ও ক্ষতিকর রাসায়নিকযুক্ত পানি পড়ে নদীর পানি দূষিত হচ্ছে। এতে চাষাবাদে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে।

ভবানীপুর ইউপির সাবেক চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল বলেন, ‘আমরা চাই এলাকায় শিল্পকারখানা গড়ে উঠুক। এতে এলাকাবাসী উপকৃত হবে। কিন্তু ওই কোম্পানির নির্গত বিষাক্ত বর্জ্য, কালো ধোঁয়া, ছাইয়ের কারণে এলাকাবাসী নানা ধরনের রোগে আক্রান্ত। বর্জ্য নদীতে পড়ে মরছে মাছ ও গবাদিপশু।’

মানববন্ধন শেষে ছোনকা বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান, ছোনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রশিদুল হাসান, ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে ভবানীপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এ সমস্যা নিয়ে কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে তিনি একাধিকবার কথা বলেছেন। তবুও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি। এ কারণে এলাকার মানুষজন ক্ষুব্ধ হয়ে উঠেছে।

এ প্রসঙ্গে মজুমদার ফুড প্রোডাক্টস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক চিত্ত মজুমদার বলেন, তাঁর কারখানার কারণে এলাকায় পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। প্রায় এক সপ্তাহ আগে ছাই নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল, তার সমাধান হয়ে গেছে।