শেরপুরে কৃষকের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গোয়ালবিশ্বা গ্রামে কৃষক মমতাজ আলীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা গত শনিবার দিবাগত রাত দুইটায় ওই বাড়িতে ঢুকে টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে। এ সময় বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের প্রহারে আহত হন দুই যুবক।

আহত যুবকেরা হলেন ওই কৃষকের দুই ছেলে সিরাজুল ইসলাম (৩৫) ও আবদুস সাত্তার (২৬)। গতকাল রোববার স্থানীয়ভাবে তাঁরা চিকিৎসা নেন।

ওই কৃষকের পারিবারিক সূত্রে জানা যায়, ওই রাতে আবদুস সাত্তারের ঘরের জানালার শিক কেটে ওই ঘরে ছয়জন দুর্বৃত্ত ঢুকে পড়ে। এ সময় আবদুস সাত্তার জেগে উঠলে তাঁকে পিটিয়ে হাত-পা বেঁধে ঘরের মেঝের ওপর ফেলে রাখা হয়। এ সময় সিরাজুল ইসলাম পাশের শোবার ঘর থেকে বেরিয়ে এলে দুর্বৃত্তরা তাঁকেও মারধর করে হাত-পা বেঁধে ফেলে রাখে।

আহত সিরাজুল ইসলাম বলেন, প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট শেষে ডাকাতেরা তাড়াশ থানা এলাকার দিকে চলে যায়। লুট করে নেওয়া জিনিসের মধ্যে একটি মোটরসাইকেল, চার ভরি স্বর্ণালংকার, ৩৫ হাজার টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল রয়েছে।

শেরপুর থানা-পুলিশের এসআই মো. শামসুজ্জোহা বলেন, সংবাদ পেয়ে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।