শেরপুরে ক্রিকেট নিয়ে জুয়ার জেরে খুন হয় কিশোর, দাবি পিবিআইয়ের
শেরপুরের ঝিনাইগাতীতে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রুবেল মিয়ার (১৭) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই বলছে, ক্রিকেট খেলার জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৯ আগস্ট প্রতিবেশী সোহরাব মিয়া ও মো. সোহেলের হাতে খুন হয় রুবেল। পরে তার লাশ উপজেলার কানী বিলে লুকিয়ে রাখা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার মো. সোহেল (১৯) গতকাল শুক্রবার সন্ধ্যায় শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। সোহেল ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া নয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
পিবিআইয়ের সদস্যরা গত বুধবার রাতে পাইকুড়া নয়াপাড়া গ্রামের বাড়ি থেকে সোহেলকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে রুবেলের ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করে পিবিআই। তবে মামলার প্রধান আসামি সোহরাব মিয়া পলাতক।
নিহত রুবেল মিয়া উপজেলার কান্দুলী গ্রামের নুরুল হকের ছেলে এবং পাইকুড়া এআরপি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজের ১৭ দিন পর ৬ সেপ্টেম্বর ঝিনাইগাতীর পাইকুড়া গ্রামের কানী বিল থেকে পুলিশ রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
পিবিআই জামালপুরের পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান আদালতে গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পিবিআই জামালপুরের পুলিশ সুপার (এসপি) এম এম সালাহ উদ্দীনের প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহেল জানান, তিনি (সোহেল), সোহরাব ও রুবেল একসঙ্গে চলাফেরা করতেন। মাঝেমধ্যে মুঠোফোনে ক্রিকেট নিয়ে জুয়া খেলতেন। সোহরাবের কাছে রুবেলের জুয়ার টাকা পাওনা ছিল। এ নিয়ে হত্যাকাণ্ডের দুই দিন আগে পাইকুড়া উচ্চবিদ্যালয় মাঠে তাঁদের ঝগড়া হয়। তখন সোহরাব ও সোহেল রুবেলকে খুন করার পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে ১৯ আগস্ট কানী বিলসংলগ্ন খেতের কাদাপানিতে হত্যা করেন রুবেলকে। রুবেলের পকেট থেকে তার ব্যবহৃত মুঠোফোন ও পকেটে থাকা পাঁচ হাজার টাকা নিয়ে নেন। পরে দুজনে মিলে রুবেলের লাশ ওই খেতের পানিতে কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন।