শেরপুরে গত এক মাসে করোনায় মৃত্যু নেই, ২৪ ঘণ্টায় শনাক্তও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

শেরপুরে গত এক মাসে করোনায় কেউ মারা যাননি। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে একজন মারা যান। গত ২৪ ঘণ্টায় জেলায় কারও করোনার সংক্রমণও শনাক্ত হয়নি। এই সময়ে আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে মোট ২৩টি নমুনা পরীক্ষা করা হয়। আজ শনিবার সকাল আটটা পর্যন্ত জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ৩ জন এবং উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ১৬ জন ভর্তি আছেন। আজ সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনা শনাক্ত হয়। এরপর আজ ৯ অক্টোবর পর্যন্ত দেড় বছরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬০। এই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬১৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯১। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯০ জন। তবে গত এক মাসে কেউ মারা যাননি।

১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ জন, মারা যাননি কেউ।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত আগস্ট মাসে জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯৭০ জন, মারা গেছেন ১৭ জন। সেপ্টেম্বর মাসে আক্রান্ত হয়েছিলেন ২০১ জন, মারা গেছেন ২ জন। আর ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ জন, মারা যাননি কেউ। অর্থাৎ, আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে জেলায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার বাসিন্দা ১৫ লাখ। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ৮ হাজার ৯০২ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ২৭ হাজার ১৫৫ জন।

জেলা সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ প্রথম আলোকে বলেন, করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। বিপরীতে সুস্থ হওয়ার হার বেড়েছে। টিকা কার্যক্রমের সুফল এটি। তবে করোনার সংক্রমণ ও বিস্তার রোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের কোনো বিকল্প নেই। সেই সঙ্গে সবাইকে টিকা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে শিক্ষক, অভিভাবকসহ সবাইকে সচেতন থাকতে হবে।