শেরপুরে গরুবোঝাই ট্রাক খাদে, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নকলায় দুর্ঘটনাকবলিত ট্রাক
প্রথম আলো

শেরপুরের নকলায় গরুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. সোরহাব আলী (৬০)। তিনি উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকার সৈয়দ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি নির্মাণপ্রতিষ্ঠানের নৈশপ্রহরী ছিলেন। আজ মঙ্গলবার ভোররাতে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত দুজন হলেন গরুর ব্যবসায়ী নবী হোসেন (৩২) ও ট্রাকচালক মোখলেছ মিয়া (২৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোররাতে কুড়িগ্রাম থেকে গরুবোঝাই একটি ট্রাক ঢাকায় যাওয়ার পথে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কুর্শাবাদাগৈড় এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পড়ে যায়। এতে কালভার্টের নির্মাতা প্রতিষ্ঠানের কর্তব্যরত নৈশপ্রহরী সোরহাব আলী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গরুর ব্যবসায়ী নবী হোসেন (৩২) ও ট্রাকচালক মোখলেছ মিয়া আহত হন। দুর্ঘটনায় ১৩টি গরু মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের সম্প্রসারণকাজ চলছে। সম্প্রসারণকাজের অংশ হিসেবে সড়কের কুর্শাবাদাগৈড় এলাকায় একটি কালভার্টের নির্মাণকাজ শুরু হয়েছে। কালভার্টটি নির্মাণের জন্য সড়কে গভীর গর্ত করা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক তৈরি করা হয়েছে। কিন্তু ট্রাকচালক অসাবধানতাবশত বিকল্প সড়ক ব্যবহার না করে সরাসরি নির্মাণাধীন কালভার্টের ওপর চালিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নকলা থানায় মামলা হয়েছে। পরিবারের আবেদনক্রমে নিহত ব্যক্তির লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।